বিয়ের হাল ফ্যাশন
তখন সন্ধ্যা সাতটা। শুরু হবে ফ্যাশন শো। র্যাডিসন হোটেলের গ্র্যান্ড বলরুমে দর্শনার্থীর ভিড়। ধীরপায়ে মডেলরা এগিয়ে এলেন। বলরুমজুড়ে চলছে তাঁদের ক্যাটওয়াক। বর্ণিল আলোর ছটা আর মিউজিকের তালে সময়টা হয়ে উঠছে মনোহর। জমকালো সব পোশাকে পরে একের পর এক আসছেন মডেলরা।এই যে ফ্যাশন শোর কথা বলা হলো, এখানে কিন্তু আর দশটা ফ্যাশন শোর মতো পাশ্চাত্য নকশার পোশাক রাজত্ব করেনি। এখানে ছিল বাঙালিয়ানার রাজত্ব। কারণ, আয়োজনটা ছিল ভিন্ন। মডেলদের প্রায় সবাই ফ্যাশন পরিবেশনায় ছিলেন বধূর বেশে। বিয়ের পোশাক থাকবে না কেন, এটা যে বিয়ের নানা উপকরণ আর সজ্জার প্রদর্শনী।শুধু পোশাক নয়, ছিল বিয়ের যাবতীয় আয়োজনের প্রদর্শন। বর-কনের জামাকাপড়, অলংকার, বিয়ের খানাপিনা, আলোকসজ্জা, বাসরঘর সাজানো, বিয়ে অনুষ্ঠানের মঞ্চ সাজানো, হানিমুনে ঘোরাঘুরি আর বর-কনের নতুন ফ্ল্যাটের খোঁজও মিলেছে এখানে। আবার বিয়ের আলোকচিত্র করার খয়খরচার খবরও জানা গেছে এখানে। আগ্রহভরে এসব তথ্য জেনে নিয়েছেন অনেকে। কেউ বা আবার বিয়ের ছবির অ্যালবাম দেখে মুগ্ধ হয়েছেন। উৎসবে প্রদর্শিত প্রতিটি পণ্যের ওপর ছিল বিশেষ ছাড়।বিয়ের এ মৌসুমে বিয়ে নিয়ে আয়োজিত উৎসবে নগরবাসীর সাড়াও ছিল দেখার মতো। এতে অংশ নেওয়া একাধিক বিক্রেতা জানান, বিয়ে নিয়ে এই উৎসবে বেচাকেনা তেমন একটা হয়নি। তবে বেচাবিক্রি তাঁদের উদ্দেশ্য ছিল না। মূলত নগরবাসীর কাছে তাঁদের সেবার খবর জানানোর জন্য এখানে এসেছেন। দর্শনার্থীর ভিড় থাকায় তাঁরা তাতে সফল হয়েছেন। ‘দ্য ওয়েডিং ফেস্টিভ্যাল’ শীর্ষক বিয়ে উৎসবটির আয়োজন করে গীতাঞ্জলি লাইফস্টাইল। উৎসব শুরু হয় গত ২৯ সেপ্টেম্বর। এতে অংশ নেয় দেশ-বিদেশের ৩০টি প্রতিষ্ঠান। বিয়ে উৎসব শেষ হয় ৩০ সেপ্টেম্বর।লেখা ও ছবি: মুহম্মদ আজহার