বীজ ও প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সাবধান হতে হবে: প্রধানমন্ত্রী
দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উন্নত বীজ, প্রযুক্তি ও কৌশল গ্রহণের আগে যথেষ্ট সাবধানতা অবলম্বনের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সার্ক সিড কংগ্রেস ও মেলা ২০১১-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগ, সার্ক সিড ফোরাম ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের ঐতিহ্য, জীববৈচিত্র্য, কৃষক এবং পরিবেশ সবকিছুকেই বিবেচনায় রাখতে হবে। উন্নতমানের বীজই চাল উত্পাদনে লক্ষ্যমাত্রা অর্জনে হাতিয়ার হিসেবে কাজ করবে। সবকিছুর আগে খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য খাদ্যনিরাপত্তা তৈরি অত্যন্ত জরুরি। বিরূপ আবহাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য উত্পাদন কমেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চালের মূল্য মাঝেমধ্যেই অস্থিতিশীল হয়ে পড়ে। যেকোনো মূল্যে খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমদানি করে ১৫ কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব নয়।প্রধানমন্ত্রী আরও বলেন, সার্ক সিড কংগ্রেস ও মেলার মাধ্যমে সার্ক দেশগুলোর বীজ উত্পাদনকারীরা পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ পাবেন। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলের খাদ্যঘাটতি মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।কৃষিসচিব কিউ কে মোস্তাক আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভারতের কৃষি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের যুগ্ম পরিচালক মালবিকা দাদিয়ানি ও সাউথ এশিয়া বিজনেস লাইন লিডার উইলিয়াম ট্র্যান্ট টেলোডি, বীজ বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক, সিড অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহাবুব আলম উপস্থিত ছিলেন। বাসস।