বীভত্স ড্রোন হামলার অভিযোগ সিআইএর বিরুদ্ধে
পাকিস্তানের পার্বত্য এলাকায় ঘাতক ড্রোনের হামলা এক নিয়মিত ব্যাপার। এ নিয়ে পাকিস্তানের জনগণের দুঃখ, আক্ষেপ, ক্ষোভ আর আর্তনাদ সীমাহীন। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের ক্ষমতাধর রাষ্ট্রগুলো মনে করে আসছে, তারা যা করছে তা ন্যায়সংগত ও নির্ভুল। গত কয়েক বছরে ড্রোন হামলার হার বেড়েছে। হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। আহত হয়ে, পঙ্গু হয়ে বেঁচে থাকছে অগুনতি মানুষ। মার্কিন ক্ষমতার কাছে তুচ্ছ এসব মানুষ এবং তাদের আত্মীয়রা মাতম করে, বিচার চায় বিধাতার কাছে। ধরণীর বুকে কেউ তাদের দিকে হয়তো চেয়ে দেখে না। কিন্তু, বীভত্সতা তো ভয়ংকর। যারা মরে যায়, তারা হয়তো মুক্তি পায়; যারা বেঁচে থাকে, স্মৃতি তাদের পুড়িয়ে মারে মৃত্যু অবধি।পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে দায়ের করা পাকিস্তানের আদালতে দায়ের করা দুটি মামলার সূত্রে ‘মেইল অন সানডে’ পত্রিকায় আজ রোববার এক প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটিতে উঠে এসেছে ড্রোন হামলার শিকার একদল মানুষের তিক্ত অভিজ্ঞতা এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর নির্মম আচরণ।প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ড্রোন হামলার বিচার চেয়ে আদালতে দাখিল করা নথিপত্র ঘেঁটে। ক্ষতিগ্রস্ত মানুষেরাও তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ওই ড্রোন হামলায় শিক্ষক, ছাত্রসহ একজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা মারা যান। বোমায় উড়ে যায় তাদের দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। কবর দেওয়ার আগে বাড়ির লোকেরা দেহের খণ্ডাংশ এক জায়গায় কুড়িয়ে আনে।মামলার নথিপত্র জোগাড় করেছেন পাকিস্তানের ফাউন্ডেশন ফর ফান্ডামেন্টাল রাইটস এবং ব্রিটেনের মানবাধিকার সংস্থা রিপ্রাইভের সদস্য শাহনাজ আকবর। দুটি পৃথক মামলার শুনানির পর মামলায় অভিযুক্ত দুজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।কর্মকর্তারা হলেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ইসলামাবাদ শাখার সাবেক প্রধান কর্মকর্তা জোনাথান ব্যাংকস এবং সিআইএর সাবেক প্রধান আইনজীবী জন রিজ্জো। ইসলামাবাদে দায়ের করা প্রথম মামলার শুনানি হয়ে গেছে। বাকি প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। আকবরের আবেদন আদালতে গৃহীত হলে ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। পেশোয়ারে দায়ের করা দ্বিতীয় মামলাটি এখনো শুনানির অপেক্ষায়। মামলাটি দায়ের করেছেন আকবর এবং ড্রোন হামলায় নিহত ব্যক্তিদের আত্মীয়রা। তাঁদের দাবি, পাকিস্তানের আকাশে ড্রোনের উড্ডয়নকে ‘সামরিক হামলা’ হিসেবে বিবেচনা করতে হবে এবং এ জন্য আদালত যেন পাকিস্তান সরকারকে নির্দেশনা দেন।এই মামলা আদালতে মঞ্জুর হলে, যেকোনো ড্রোনকে ভূপাতিত করতে পারবে পাকিস্তানের বিমানবাহিনী। ড্রোন হামলা হলে, পাকিস্তান সরকারও বাধ্য হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে।‘মেইল অন সানডের’ প্রতিবেদনটিতে সম্প্রতি স্ট্যানফোর্ড এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ২০০৪ সালে দেশটিতে ড্রোন হামলা শুরুর পর এখন পর্যন্ত দুই হাজার ৫৬২ থেকে তিন হাজার ৩২৫ জন মারা গেছে। এদের মধ্যে ৮৮১ জনই বেসামরিক ব্যক্তি, যাদের মধ্যে ১৭৬ জন শিশু। মাত্র ৪১ জনকে অভিহিত করা হয়েছে তথাকথিত জঙ্গি হিসেবে। এই ৪১ জনও যে সত্যিকারের জঙ্গি, তা-ও জানা সম্ভব নয়। কারণ ওই এলাকায় সাংবাদিকদের যাতায়াত সংরক্ষিত। কেবল মার্কিন ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকেরাই নিয়মিত যেতে পারেন। যুক্তরাষ্ট্র বারবার দাবি করে আসছে, ড্রোন হামলায় যারা মারা যাচ্ছে তাদের সবাই জঙ্গি। প্রেসিডেন্ট বরাক ওবামা কিছুদিন আগে বলেছিলেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায় এবং জঙ্গি হিসেবে যাদের নাম তালিকায় আছে, কেবল তাদের বিরুদ্ধেই অভিযান চালানো হচ্ছে। কিন্তু, ‘মেইল অন সানডের’ প্রতিবেদন থেকে বোঝা যায়, মার্কিন প্রেসিডেন্টও সবকিছু অবহিত নন এবং হয়তো তিনি এ কারণে ভুলও বুঝছেন।মামলার অন্যতম বাদী ওয়াজিরিস্তানের করিম খান। পেশায় তিনি সাংবাদিক। ইসলামাবাদে একটি টিভি চ্যানেলে তিনি কাজ করেন। ২০০৯ সালে ড্রোন হামলায় তাঁর ছেলে জয়নুল্লাহ এবং ভাই আসিফ ইকবাল মারা যান। করিম বলেন, তাঁদের পরিবারের সবাই শিক্ষিত। এক চাচা ইসলামাবাদে চিকিত্সক এবং পরিবারের বাকিদের অধিকাংশই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, ‘জঙ্গি বা সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ জন্য আমরা ভেবেছিলাম যে আমরা নিরাপদ।’করিম খানদের বাড়ির খাবার ঘরে যেদিন ড্রোন হামলা হয়, সেদিন বাড়িতে অনেক মেহমান ছিলেন। তাঁদের অনেকেই নিহত ও আহত হন। নিহত লোকজনের মধ্যে খালেক দাদ নামের এক রাজমিস্ত্রিও ছিলেন। তিনি করিম খানদের বাড়িতে থেকে পাশের এক মসজিদে কাজ করছিলেন।সেদিন দুপুরে তিনি ওই হামলার খবর পেয়ে এক বন্ধুর গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হন। সন্ধ্যায় তিনি যখন পৌঁছান, তখন নিহত লোকজনের কবর দেওয়া হয়ে গেছে। বেঁচে থাকা আত্মীয়দের কাছ থেকে তিনি হামলার বর্ণনা শোনেন।করিম বলেন, ‘আসিফকে অনেক কষ্টে হাসপাতালে নেওয়ার পর সেখানে সে মারা যায়। জয়নুল্লাহর মুখমণ্ডলের একদিকে বড় একটি ক্ষত ছিল। ওর শরীর আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল।’ তিনি বলেন, ‘আমি জানি, যারা একটি বাটন চেপে এ ধরনের হামলার নির্দেশ দেয়, তাদের কাছে এসব মৃত্যু মাছি মারার সমান। ওরা মানুষ নয়।’ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকবর। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিম খানের এক বন্ধু। সে সুবাদে আকবরের সঙ্গে পরিচয় হয় করিম খানের। আকবর ২০১০ সালে সিআইএর কর্মকর্তা জোনাথান ব্যাংকসের কাছে ড্রোন হামলা বিষয়ে এক অভিযোগপত্র দায়ের করেন। কিন্তু, ব্যাংকস কোনো ব্যবস্থা নেননি। এরপর আকবর আদালতের শরণাপন্ন হন।মামলার অভিযোগপত্র অনুযায়ী, সিআইএ করিম খানের পরিবারকে হামলার লক্ষ্য করে। এজন্য গোয়েন্দা সংস্থারই কোনো এক এজেন্ট খানদের বাড়ির আশপাশে একটি বৈশ্বিক অবস্থান নির্ধারণ ব্যবস্থার (জিপিএস) যন্ত্রাংশ ফেলে রাখে। সিআইএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আমাদের চলমান কর্মসূচি নিয়ে আমরা কোনো কথা বলি না।’ দ্য মেইলের খবরে বলা হয়, হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।