বীর যোদ্ধাদের নিয়ে গৌরবদীপ্ত আয়োজন
আনন্দ-বেদনার যে মহাকাব্য বাঙালি চিরকাল বইবে বুকের মধ্যে, সে মহাকাব্যের বীর নায়কদের নিয়েই ছিল এই আয়োজন। আজ শনিবার চৈত্রের শেষ বিকেলে সোনারগাঁ হোটেলের বলরুম আলো করে ছিলেন তাঁরাই—মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা। তাঁদের নিয়েই ছিল এ আয়োজন।১৯৭১ সালে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে যাঁরা বীরত্বের জন্য খেতাব পেয়েছিলেন, তাঁদের সংগ্রামী ভূমিকা ২০১১ সালের ২৭ মার্চ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে দেশের প্রথম সারির দৈনিক ‘প্রথম আলো’র পাতায়। পরে ‘প্রথম আলো’ ও এইচএসবিসি’র যৌথ উদ্যোগে তা প্রকাশিত হয় প্রথমা প্রকাশন থেকে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ৬৭৬ জনকে খেতাব দেওয়া হয়। তাঁদের মধ্যে ৩০০ জনের সংগ্রামী কাহিনি নিয়ে ‘একাত্তরের বীরযোদ্ধা’ নামের প্রথম খণ্ডটি প্রকাশিত হয়েছিল গত বছর। আর আজ ৩১৬ জনের সংগ্রামী কাহিনি নিয়ে প্রকাশিত হলো দ্বিতীয় খণ্ড। এই বইটিরই প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন দেশের বীর সন্তানেরা।অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠানটি ছিল অনাড়ম্বর। কিন্তু পুরো আয়োজন ঐশ্বর্যমণ্ডিত হয়ে উঠেছিল সেই সব মানুষের উপস্থিতিতে, যাঁদের জন্যই আজ পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছে স্বাধীন বাংলাদেশের। লাল-সবুজের পতাকা উড়ছে বাঙালির হাতে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েই শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী। প্রধান অতিথি এ কে খন্দকার তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বলেন, ‘এই যুদ্ধে অংশগ্রহণকারীদের শতকরা ৮০ জনই ছিলেন গ্রামের সাধারণ মানুষ। তাঁদের হাতে কোনো অস্ত্র ছিল না। কিন্তু দেশের প্রতি গভীর ভালোবাসা নিয়ে যেভাবে মুক্তিযুদ্ধে সবাই অংশ নিয়েছিলেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এই সংগ্রামীদের বীরত্বের কাহিনি জাতির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। বাঙালি চিরকাল শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করবে।’ বিশেষ অতিথি মিলি রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ‘আমি মনে করি মতিউর রহমানসহ কেবল সাতজনই বীরশ্রেষ্ঠ নয়। মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ বাঙালি শহীদ হয়েছেন, তাঁরা প্রত্যেকেই বীরশ্রেষ্ঠ।’ তিনি বলেন ‘আজ এখানে শুধু বইয়ের মোড়ক উন্মোচন নয়, ইতিহাসের উন্মোচন ঘটেছে। মুক্তিযোদ্ধাদের গৌরবগাথার এই ইতিহাস নতুন প্রজন্মের জন্য খুবই প্রয়োজন।’ তিনি একই সঙ্গে মুক্তিযুদ্ধে নারীর অবদানকে তুলে ধরার আহ্বান জানান।এইচএসবিসির করপোরেট ব্যাংকিং প্রধান মাহবুব-উর-রহমান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গৌরব করবে। আপনাদের প্রতি আমাদের ঋণ কোনো দিন শোধ হবে না।’ স্বাগত বক্তব্যে ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান সব মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে এই বইটি মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।’ এ ছাড়া বইটির তথ্য সংগ্রহে যাঁরা সহায়তা করেছেন, তাঁদের এবং প্রকাশনার সহযোগীদের ধন্যবাদ জানান তিনি। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর যুদ্ধাপরাধীদের নিয়ে কবি শামসুর রাহমানের কবিতা ‘আমি অভিশাপ দিচ্ছি’ আবৃত্তি করেন। এর পরপরই অতিথিরা ‘একাত্তরের বীরযোদ্ধা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানান।‘একাত্তরের বীরযোদ্ধা’ দ্বিতীয় খণ্ডে সাতজন বীরশ্রেষ্ঠ, ৩৯ জন বীর উত্তম, ৭৮ জন বীর বিক্রম এবং ১৯২ জন বীর প্রতীকের সংগ্রামী কাহিনি লিপিবদ্ধ হয়েছে। এর সম্পাদনা করেছেন মতিউর রহমান আর সংগ্রহ ও গ্রন্থনায় আছেন রাশেদুর রহমান। বইটির প্রচ্ছদ অলংকরণ করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সহযোগী শিল্পী ছিলেন অশোক কর্মকার।অনুষ্ঠানের শেষে ছিল স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের গান। আবদুল জব্বার গেয়ে শোনান সালাম সালাম হাজার সালাম। পরে তাঁর সঙ্গে শাহিন সামাদ, রথীন্দ্রনাথ রায়, তিমির নন্দী, কাদেরি কিবরিয়া, মালা খুররম ও ডালিয়া নওশীন সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন ‘নোঙর তোলো তোলো, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। ‘ছোটদের বড়দের সকলের’ গানটি গেয়ে অনুষ্ঠান শেষ করেন রথীন্দ্রনাথ রায়।