বীরগঞ্জ পৌরসভার মেয়রসহ জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের দলীয় কার্যালয়ে সভা চলাকালে বীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হানিফসহ দলের চার নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁদের আটক করা হয়।আটক অপর তিনজন হলেন, বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান এবং সহসাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম।প্রত্যক্ষদর্শী বীরগঞ্জ পৌর এলাকার মোস্তাক আহমেদ, নুরুল ইসলামসহ অনেকে জানান, বীরগঞ্জ পৌরসভার মেয়র হানিফের রাইস মিল-সংলগ্ন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে প্রতি শুক্রবার নেতারা সভা করেন। আজও তাঁরা সভা করছিলেন। দুপুর ১২টার পর বীরগঞ্জ থানার একদল পুলিশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে গিয়ে ওই চার নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম সিদ্দিকের নেতৃত্বে গ্রেপ্তারের পরপরই খবর জানাজানি হলে বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলরসহ দলীয় নেতা-কর্মীরা থানায় ভিড় করেন। নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ করেন এবং কারণ জানতে চান।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম সিদ্দিক জানান, আটক ব্যক্তিরা একাধিক মামলার আসামি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার পরিকল্পনা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যার আগেই তাঁদের দিনাজপুরে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়।দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আনোয়ারুল ইসলাম বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোনো মামলা নেই। মিথ্যা অভিযোগ এনে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন তিনি।