বীরবাহুর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল পুকুরপাড়ে বসানো হয়েছে একটি মঞ্চ। চারদিকে বর্ণিল আলো জ্বলছে। পুকুরের জলে সেই আলোর প্রতিবিম্ব পড়ে অদ্ভুত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে! স্তব্ধতায় ছেদ পড়ে বাঁশির ক্রমাগত শব্দে। সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে চোখ যায় মঞ্চের ওপর। সেখানে চলছে আর্মস রেসলিং। আর্মস রেসলিং শব্দটা শুনে খটকা লাগে। সাধারণ মানুষ একে হাত-পাঞ্জার লড়াই বলেই চেনে। একের পর এক পেশিবহুল হাত আসছে। লড়াই চলছে পাঞ্জার শক্তির। বাঁশির ফুৎকার তো আছেই।এমনি করে চলছিল বেশ। একে একে অনুষ্ঠিত হয় বুকডন, আর্মস রেসলিং আর শরীর গঠনের নানা কসরত। অনুষ্ঠানটির আয়োজক মিল্লাত শরীরচর্চাকেন্দ্র। ঢাকা সিটি করপোরেশনের পরিচালনায় বেশ কয়েকটি শরীরচর্চাকেন্দ্র আছে। এগুলোর সঙ্গে মিল্লাত শরীরচর্চাকেন্দ্রের পার্থক্য একটাই, এটি চলে সদস্যদের চাঁদায়। বলছিলেন, এখানকার সদস্য আমজাদ আলী।শরীর গঠনের মঞ্চে দাঁড়ানো প্রতিযোগীরা। ডিসেম্বরের কনকনে শীতকে উপেক্ষা করে শুধু লজ্জা নিবারণের এক টুকরো কাপড় পরে দাঁড়িয়ে আছেন তাঁরা। সবার গায়ে সর্ষের তেল মাখা। প্রত্যেকেই নানা অঙ্গভঙ্গি করে পেশির কারসাজি দেখানোয় ব্যস্ত। বিচারকদের আদেশে বিশেষ বিশেষ পেশিকে যথাসম্ভব ফুটিয়েও তুলছেন কেউ কেউ।শরীর গঠন প্রতিযোগিতার এ আয়োজন চলে গভীর রাত অবধি। ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৫ কেজি আর ৭০ কেজির চারটি রাউন্ডে প্রতিযোগিতা হয়। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন থেকে তিনজন বিচারক আনা হয়েছে।এই আয়োজনের পেছনের কথা জানান আয়োজক মো. রাহাত হোসেন।তিনি বলেন, ‘অনুষ্ঠানটির আয়োজনে সবচেয়ে বেশি সম্মানের অংশীদার স্থানীয় শরীর গঠনের ওস্তাদ সোনা পালোয়ান। তিনি কয়েক বছর আগে মারা গেছেন। আমরা এখনো তাঁর আদর্শে রয়েছি। সোনা পালোয়ান এই কেন্দ্রের অনেককে শরীর গঠনের নানা কৌশল শিখিয়েছেন। তাঁর স্মৃতির উদ্দেশে আমরা এবার আয়োজন করেছি এই প্রতিযোগিতার।’ প্রতিবছর বিজয় দিবসে এমন আয়োজন করা হবে বলেও জানান আয়োজক কমিটির এই সদস্য।প্রতিযোগিতায় ঢাকার সিদ্দিকবাজার শরীরচর্চাকেন্দ্র, মৌলভীবাজার শরীরচর্চাকেন্দ্র, খিলগাঁও শরীরচর্চাকেন্দ্র আর নাজিরাবাজার শরীরচর্চাকেন্দ্রের প্রতিযোগীরা অংশ নেন। প্রতি রাউন্ডে পাঁচজন নির্বাচিত করা হয়। মো. রাহাত হোসেন জানান, যেহেতু বিজয় দিবসের আয়োজন, তাই প্রতি রাউন্ডে পাঁচজন করে নির্বাচন করা হয়েছে।এই শরীরচর্চাকেন্দ্রের বর্তমান প্রশিক্ষণার্থীর সংখ্যা ৬৫০। সকাল-বিকেলে মিলে দুই শিফটে শরীর গঠনের নানা কসরত এখানে শেখানো হয়। এখানকার সদস্যরা ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন শরীরচর্চাকেন্দ্রে প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন বলে জানান স্থানীয় হাবিব পালোয়ান।তিনি আরও জানান, ব্যায়ামোপকরণের পর্যাপ্ত অভাব রয়েছে এখানে; রয়েছে জায়গার সংকট। তবুও এখানকার সদস্যরা নিজেদের চাঁদায় কেন্দ্রটিকে ভালোমতোই চালিয়ে নিচ্ছেন।