বীরশ্রেষ্ঠদের নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, সিপাহি মোস্তফা কামাল, সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ—মুক্তিযুদ্ধের এই সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে সাতটি তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন মিলি রহমান। গত রোববার তিনি জানান, এরই মধ্যে গবেষণার কাজ শুরু করেছেন। এখন প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা। মিলি রহমান বলেন, ‘বছর ছয়েক আগে আমার স্বামী বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের গল্প নিয়ে একটি কাহিনিচিত্র তৈরি হয়েছিল। নাম অস্তিত্বে আমার দেশ। কিন্তু এবার আমি সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছি। তবে এ ক্ষেত্রে আর্থিক সহযোগিতা খুব প্রয়োজন। যদি পেয়ে যাই, তাহলে শিগগিরই কাজ শুরু করব।’ মিলি রহমান আরও বলেন, ‘এখনো সাতজন বীরশ্রেষ্ঠর পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন, সহযোদ্ধাদের অনেককেই পাওয়া যাবে। আমি মনে করি, এ ধরনের কাজের জন্য এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা উচিত হবে না।’