বুক চেপে ধরেন সারোয়ার ছুরি চালান হাকিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার ঘটনায় গ্রেপ্তার সারোয়ার ও হাকিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিজমি কেনা নিয়ে কথা বলতে আমিনুল বাসায় আসতে রাজি হয়: সারোয়ারমালিক সারোয়ার যা নির্দেশ দিল তা-ই করলাম: আবদুল হাকিম‘আমাকে কি মেরে ফেলবে বাবা?’ ‘না কাকা, আপনাকে মারবে না, ছেড়ে দেবে।’ খুন করার কিছুক্ষণ আগেও সারোয়ার হোসেনের কর্মচারী আবদুল হাকিম এভাবেই ব্যবসায়ী আমিনুল হককে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হাকিম নিজেই আমিনুলের গলায় ছুরি চালান। আর আমিনুলের বুকের ওপর বসে তাঁকে ধরে রাখেন সারোয়ার। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন সারোয়ার আর হাকিম।রাজশাহীর ব্যবসায়ী আমিনুল হকের নয় টুকরা লাশসহ গত মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন নগরের আরডিএ মার্কেটের প্লাস্টিকসামগ্রীর ব্যবসায়ী সারোয়ার হোসেন ও তাঁর দোকানের কর্মচারী আবদুল হাকিম। বুধবার রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তাঁরা দুজনেই।আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে হাকিম বলেন, ‘মালিক (সারোয়ার) আগের দিন রাতে আমাকে বলে রেখেছিল কালকে (রোববার) বাসায় একটা মোটা মতো লোক আসবে। তাঁর কাছ টাকা পাওয়া যাবে। তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে হবে। রোববার বেলা ১১টার দিকে মালিক আমাকে দোকান থেকে বাসায় আসতে বলেন। তখন বাসায় মালিক একাই ছিলেন। এর কিছুক্ষণ পর একজন লোক বাসায় আসে। পরে জানতে পারি তাঁর নাম আমিনুল হক।’হাকিম আরও বলেন, ‘প্রথমে মালিক আমাকে চাকু দেখিয়ে আমিনুলকে ভয় দেখাতে বলেন। আমি তা না করে পাশের ঘরে গিয়ে বসি। তখন মালিকের সঙ্গে আমিনুলের ধস্তাধস্তির শব্দ শুনতে পাই। মালিক নিজেই আমিনুলকে চাকু নিয়ে ভয় দেখিয়ে বিছানায় ফেলে রেখেছেন। মালিক আমাকে আমিনুলের হাত-পা বাঁধতে বলেন। তখন আমি হাল্কা করে বাঁধি। পরে মালিক আবার শক্ত করে বাঁধেন। এরপর মালিক আমিনুলের কানে ফোন ধরে ২০ লাখ টাকা পাঠানোর জন্য তাঁর স্ত্রীকে ফোন করতে বলেন। বাধ্য হয়ে আমিনুল ফোনে স্ত্রীকে টাকা পাঠাতে বলেন। পরে নগরের কল্পনার মোড়ে গিয়ে আমি আমিনুলের স্ত্রীর কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে আসি।’হাকিম বলেন, ‘সন্ধ্যায় মালিক কেক, কলা আর ঘুমের বড়ি নিয়ে আসেন। মালিক আমিনুলকে কয়েকটি ঘুমের বাড়ি গুঁড়ো করে খাওয়ান। রাতে আবার চায়ের সঙ্গে চারটা বড়ি গুঁড়ো করে খাওয়ানো হয়। তখনো আমিনুলের ঘুম আসে না। এ সময় মালিক বাইরে চলে যান। আর আমি সারা রাত আমিনুলের কাছে বসে থাকি। রাতে আমিনুল আমাকে জিজ্ঞেস করেন, আমাকে কি মেরে ফেলবে, বাবা? আমি বলি, না কাকা, মারবে না ছেড়ে দিবে। তারপর ভোরের আজানের আগে মালিক বলেন, চল মেরে ফেলি। আমি মারতে অস্বীকার করলে মালিক বলেন, একে বাঁচায়ে রাখলেও মরব, মেরে ফেললেও মরব। বরং মেরে লাশটা গুম করতে পারলে বাঁচার সম্ভাবনা আছে। মালিক আমাকে গলা কাটতে বললে আমি অস্বীকার করি। তখন মালিক আমাকে ভয় দেখায়, তুইও মরবি। আমার কিছু করার ছিল না। মালিক যা নির্দেশ দিল তাই করলাম।’জবানবন্দিতে হাকিম আরও বলেন, ‘দুইজনে ধরে আমিনুলকে বাথরুমে নিয়ে যাই। মালিক আমিনুলের বুকের ওপরে চেপে বসেন আর আমি গলায় ছুরি চালাই। তারপর মালিকের কথামতো একে একে হাত পা কেটে আলাদা করি। এ সব করতে করতে সকাল হয়ে যায়। তখন আমি দোকানে চলে যাই। সারা দিন আর বাসায় আসিনি। রাতে বাসায় এসে দুইজন এক সঙ্গে শুয়ে পড়ি। মঙ্গলবার সকালে মালিকের বউ এসে দেখে ভয় পেয়ে চলে যান।’জবানবন্দিতে সারোয়ার বলেন, ‘আমিনুল দোকান করার বিষয়ে আমাকে চার লাখ টাকা দেবে বলেছিল। না দিয়ে টালবাহানা শুরু করায় আমি সুযোগ খুঁজতে থাকি। এর মধ্যে একদিন আমি তাঁকে জানাই, অন্য এক ব্যক্তি জমি বিক্রি করবে। তখন জমি কেনার বিষয়ে কথা বলার জন্য আমিনুল আমার বাসায় আসতে রাজি হয়। আমি আমার দোকানের ছেলে হাকিমকে বলে রাখি, আমি একজনের কাছে চার লাখ টাকা পাব। তাকে না বেঁধে রাখলে সে টাকা দেবে না। তাই সে আসলে তুই তাকে বাঁধবি। ঘটনার দিন সকাল ১০টায় আমিনুল আমাকে ফোন দিয়ে জানায়, সে আমার বাড়ির নিচে। তখন তাকে আমি বলি, এই মুহূর্তে আমি বাড়ির বাইরে। আপনি আধা ঘণ্টা পরে আসেন। এরপর আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিই। আমিনুল ১২টার দিকে আমার বাড়িতে আসেন। তখন আমি ফোন করে হাকিমকে বাসায় নিয়ে আসি।’সারোয়ার এরপর আমিনুলকে বেঁধে রাখা ও হত্যার যে বর্ণনা দিয়েছেন, তা হাকিমের বর্ণনার সঙ্গে প্রায় সব মিলে যায়।উল্লেখ্য, মঙ্গলবার টুকরো টুকরো লাশ পলিথিনের ব্যাগে ঢোকানোর সময় হাকিম ও সারোয়ার পুলিশের হাতে ধরা পড়েন। আদালত দেওয়া জবানবন্দিতে সারোয়ারও একই কথা বলেছেন।এদিকে, আমিনুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ রোববার সকালে আরডিএ মার্কেটের প্রধান গেটে মানববন্ধনের আয়োজন করেছে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। ব্যবসায়ী ও নগরের হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক আমিনুল হক গত রোববার নিখোঁজ হন। মঙ্গলবার রাতে নগরের আলুপট্টি এলাকায় সারোয়ারের বাড়ি থেকে তাঁর নয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।