বুকসেলাই আম
বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে জানামতে বান্দরবান জেলাতেই রাংগোয়াই জাতের আম সবচেয়ে বেশি দেখা যায়। এই আমটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং রেমাক্রি সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করেছে। ধারণা করা হয়, প্রায় ২০ বছর আগে মিয়ানমারের পাহাড়ি এলাকা থেকে আদিবাসীরা প্রথম এই আম বান্দরবানে নিয়ে আসেন। স্থানীয় কৃষি বিভাগ বান্দরবানে এ পর্যন্ত চার ধরনের রাংগোয়াই আম শনাক্ত করেছে। তার একটি আগাম জাত হিসেবে পরিচিত। একটির শাঁস আঁশযুক্ত। আরেকটির মাংস লালচে-হলুদ, খেতে বেশ সুস্বাদু। আরেকটি নাবি জাত, সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যায়।স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা এই আম উখিয়া ও টেকনাফে নিয়ে এসেছিল। এখন সেখানেও পাওয়া যায়। তিন পার্বত্য জেলার আদিবাসীরা বর্মি নাম অক্ষুণ্ন রেখে রাংগোয়াইসি বললেও চট্টগ্রাম ও কক্সবাজারে ভোক্তাদের কাছে এটি বার্মিজ আম নামে পরিচিত। বর্মি ভাষায় রাংগোয়াই অর্থ বুকে শিরধারার মতো সেলাই আর ‘সি’ অর্থ ফল, অর্থাৎ রাংগোয়াইসি মানে ‘বুকসেলাই ফল’। সম্ভবত ফলের গড়নের সঙ্গে সাদৃশ্যের কারণেই এমন নামকরণ। মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ কামরুজ্জামান জানিয়েছেন, এ বছর বাজারের আগাম কাঁচা আমের সিংহ ভাগ জোগানই এসেছে এই আম থেকে। বান্দরবান থেকে প্রতিদিনই চার থেকে পাঁচ ট্রাক কাঁচা আম দেশের বিভিন্ন বাজারে পাঠানো হতো।’ বান্দরবান জেলা শহরের মারমা বাজারে এখন দ্বিতীয় পর্যায়ের পাকা আম আসতে শুরু করেছে। চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে বান্দরবান-চিম্বুক সড়কের শৈলপ্রপাত ও শ্যারন পাড়ার বম আদিবাসীদের দোকানগুলোতে গত সপ্তাহ থেকে রাংগোয়া বা রাংগোয়াইসি আম ভিন্ন স্বাদের মিষ্টি গন্ধ ছড়াচ্ছে।এই আমের প্রধান বৈশিষ্ট্য একটি বীজ থেকে একাধিক চারা এবং এসব চারা থেকে তিন বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। তা ছাড়া প্রতিটি গাছেই মাতৃগুণ বজায় থাকে। সাধারণত অন্যান্য আমের ক্ষেত্রে চারার গাছে মাতৃগুণ বজায় থাকে না। এই আমের (Mangifera indica Polyembrionic) আরেকটি ভালো দিক হচ্ছে বাজারের প্রচলিত আমগুলো শেষ হওয়ার পরও সেপ্টেম্বর মাসের দিকে মৌসুমের শেষ আম হিসেবে এটি বাজারে পাওয়া যাবে। সমতলের জেলাগুলোর মধ্যে বর্তমানে সীমিতভাবে নাটোরে এই আমের চাষ হচ্ছে। তবে দেশের অন্যান্য অঞ্চলও এই আম চাষের উপযোগী এবং ফলনও ভালো পাওয়া যাবে। বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফল ও শস্যবিশেষজ্ঞ মোহাম্মদ শামসুদ্দিন বলেছেন, রাংগোয়াই দুর্যোগপ্রবণ ও জনসংখ্যা ঘনত্বের এ দেশে অত্যন্ত উপযোগী। কারণ, ছোট আকৃতির গাছে অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম হারুনুর রশিদ বলেছেন, ‘বহুভ্রূণি বীজের রাংগোয়াইকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বারি-৮ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম বলেছেন, বান্দরবানে তিন হাজার ২৭৩ হেক্টর জমিতে ৪৯ হাজার ৯৫ টন আম উৎপাদন হয়। এগুলোর অধিকাংশই রাংগোয়াই আম। জাত ভালো হওয়ায় এই আমের চাষ প্রতিবছর বাড়ছে। বর্তমানে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে পাকা আম বিক্রি হচ্ছে।