বুকের মধ্যে আশাবৃক্ষ
জলেশ্বরীর ইস্টিশান রোডে আমাদের হানিফ ভাইয়ের মিষ্টির দোকান। মাথার ওপর সাইনবোর্ডে আঁকা পরি, গলায় তার মালা, হাতে মিষ্টির থালা, উড়ে চলেছে। পরির দিকে তার দৃষ্টি নাই, দোকানের সমুখে সে আসে।রাতের ট্রেন ফিরে গেছে কিছুক্ষণ আগে। সামান্য দূরের যাত্রীরা এখনে চা খেয়ে খিদেটা মেরে নেয়। অচিরেই তারা অন্ধকার-ডোবা গ্রামের দিকে নেমে যাবে। আরও দূরের যাত্রীরা এখন এখানেই দুটি খেয়ে নিয়ে কাছেই কোনো হোটেলের ঢালা বিছানায় রাত কাটিয়ে ভোরে রওনা দেবে।হানিফের দোকানে এখন যাত্রীদের ভিড়। ব্যবসার সময়। যুবকটিকে দোকানের খোলামুখে এসে দাঁড়াতে দেখে হানিফ বড় অসন্তুষ্ট হয়। বিরক্তই বলা যায়। যুবকের চোখে চোখ না পড়ে, এমন একটা ছলে হানিফ দোকানের কাজের লোকদের ওপর হম্বিতম্বি শুরু করে দেয়। যদি এই তপ্ত মূর্তিতে যুবকটি সরে পড়ে।হানিফের এই মনোকথাটি যুবক টের পায় না, তা নয়। সে থমকে যায়। ইতস্তত করে। ঢুকবে কি ঢুকবে না! তার মনে মরে যায়।যুবকের উপস্থিতি হানিফের পক্ষে বেশিক্ষণ অগ্রাহ্য করে থাকা সম্ভব হয় না। যুবকটিকে সে এবার সরাসরিই বলে, নাই! তারা চলি গেইছে মেলা সময় আগে।নাই? নাই শুনেও যুবকটি নিরস্ত হয় না। দোকানের ভেতর দ্রুত চোখ বোলায়। খোঁজে। প্রতিটি মুখ খোঁজে। তার বন্ধুদের কেউ এখন এখানে নাই, তবু সে দুয়ার থেকে নড়ে না। তাকে ছাড়াই যে বন্ধুদের আড্ডা এখনো এখানে হয়, তার অভাব যে কেউ বোধ করে না, তার জন্য একবারও কেউ অপেক্ষা করে না, এ সকল কি সে ভাবে? আমরা জানি না। তবে নিশ্চয়ই সে এক লহমার জন্য ভাবে। তার মনের একটি ভাগ তখন তিতো হয়ে যায়। কিন্তু তার মনের মধ্যে এটাও সে জানে, জগৎ এখনো আগের মতোই বিস্ময়কর সুন্দর।হানিফ টের পায়, যুবকটি তার ডাকের অপেক্ষা করছে। যদি ভেতরে এসে বসতে বলে। কিন্তু আমাদের হানিফ ভাইটি জলেশ্বরীর এক নম্বর মঞ্চনায়ক একদা ছিল বটে, এখন পাকা ব্যবসায়ী। ভেতরে ডাকলে কিছু না কিছু তো খাবেই। পয়সা? পয়সা দেবার ক্ষমতা যে যুবকের নাই, বহু দিন আগেই আমরা সকলে জানি।হানিফ ধমক দিয়ে বলে, অলক্ষ্মীর মতন খাড়া হয়া আছ কেনে?হোক ধমক, তবু একটা সাড়া তো বটে। যুবক দোকানের ভেতর অবিলম্বে একটা পা রাখে।হানিফ ভাই, একটু বসিলোম না হয়।হানিফ ধমকের মাত্রা চড়িয়ে পাল্টা বলে, কইলোম তো, দোস্তরা সউগ চলি গেইছে।যুবক আরেক পা ভেতরে আসে।দুয়ারের মুখেই মিষ্টির কাচপাল্লা আলমারি। আলমারির ভেতর টিউবলাইট। পেতলের বারকোশে রাখা মিষ্টিগুলো সেই দুধসাদা আলোয় আরও বড়, আরও রসাল দেখায়। যুবক এখন আলমারি ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। আলমারির শেষ মাথায় চকচকে কাঁঠাল কাঠের চেয়ারে বসে ছিল হানিফ। কাছেই একটা ছোট টেবিলের ওপর ক্যাশবাক্স। হানিফ বাক্সটার ওপর দ্রুত একটা হাত রাখে, যেন যুবকটি টাকা ছিনতাই করতেই এত কাছে চলে এসেছে। হানিফ লক্ষ করে। ভঙ্গিটা দ্যাখেন না কেনে, ঘাড় তেড়া করিয়া খাড়া! চোখেও বা অগ্নি জ্বলে।বন্ধুরা চলে গেছে শুনেও যুবক বলে, যদি আসে!চিৎকার করে ওঠে হানিফ, যদি-ফদি বোঝোঁ না মুই। তফাত হন!এ চ্যাঁচানিতে যুবকটি চলে যাওয়া দূরে থাক, মাটি বেশ মাড়িয়েই দাঁড়িয়ে থাকে। ধীরে তার ঠোঁটে ক্ষীণ একটা হাসি ফুটে ওঠে। হয়তো সে মজাই পায়। এই সে দিনও হানিফের দোকানে সে অবাঞ্ছিত ছিল না। এই সে দিন পর্যন্ত সে এখানে বসে রাত দুপুর পর্যন্ত আড্ডা দিয়েছে। চা-ডালপুরি, মাঝেমধ্যে চমচম কি লাড্ডু, পয়সা গুনেছে বন্ধুরা। তারপর একদিন সবার চোখে পড়ে, সে গরিব। আড্ডা খরচের পয়সা যে সে দিতে পারে না, সে নিয়ে একদিন কী একটা মর্মান্তিক ঠাট্টাও বহে যায় আড্ডার ওপর দিয়ে। নীরবে সে চলেই গিয়েছিল। বহু দিন সে আসে নাই। আজ আবার এসেছে। পয়সা! পয়সাই তবে সব! বাবা কুতুবুদ্দিনের মাজারে হাত তুলেও কোনো লাভ নাই, যদি না দশ-বিশ টাকা দানের বাক্সে না দেওয়া যায়।যুবকের মুখে রহস্যময় হাসিটি নীরবে প্রশস্ত হতে থাকে। এর কোনো মানে-মুণ্ডু ধরতে না পেরে হানিফ অস্বস্তি বোধ করে। তার ঈষৎ ভয়ও হতে থাকে। এই বেকার অনাহারী আত্মীয়হীন, বন্ধুহীন, কপর্দকহীন, স্বাস্থ্যহীন যুবকটিকে সে ভয় পাবে কেন? এর উত্তর তার জানা নাই। আমাদেরও নাই। কিন্তু ওদিকে, ওই ভয়টা হানিফকে এতটাই খেপিয়ে তোলে যে সে কোলের কাছে পড়ে থাকা তার হাতের মুঠি এখন খপ করে পাকিয়ে তোলে, যুবকটির দিকে নিষ্পলক চোখ ফেলে রাখে এরপর।যুবকটির ঘাড়ে কোন ভূত চাপে, কে জানে। এ সকলের দিশ-উদ্দিশ নাই। সে আরও দুই পা এগিয়ে যায় হানিফের দিকে। আর ঠিক তখনই চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায় হানিফ। যতটা বিক্রম নিয়ে সে লাফ দেয়, তার তুলনায় অনেক হালকা একটা ঘুষি মারে সে। বুকে লাগে। হানিফ জানে না, আমরাও কি জানি, গতকাল দুপুরে বুড়ির চরের মোড়ে একটি বাসি ডালপুরির পর যুবকটির পেটে কিছুই আর পড়ে নাই। যুবক আর্ত শব্দ করে মাটিতে পড়ে যায়। হানিফ কিন্তু তাকে আহত নয়, নিরস্ত করতেই ঘুষিটি মেরেছিল। এখন যুবককে টাল খেয়ে পড়ে যেতে দেখে সে ঘটনার উপযুক্ততা প্রতিষ্ঠা করতে চিৎকার করে ওঠে, ছিনতাই করিবার মতলব! ভদ্দরঘরের ব্যাটার হয় এই কাম!যুবকটিকে মাটি থেকে কেউ তোলে না। নিজেও সে উঠে দাঁড়াবার শক্তি বা প্রয়োজন অনেকক্ষণ খুঁজে পায় না। পতিত অবস্থাতেই সে বিস্মিত হয়ে ভাবে, সব দুর্ভোগেরই শেষে একটা পুরস্কার জোটে। এ ক্ষেত্রে তার মতো ব্যক্তিকেও বংশের একটা গৌরব দিয়েছে হানিফ, ভদ্দরলোকের ব্যাটা বলেছে।দোকানের খদ্দের সকল কিছুক্ষণের জন্য খাওয়া থামিয়ে হাত তুলে এ সবই দেখে। নিরাসক্তরা আসন ছেড়ে ওঠে না বা কোনো মন্তব্য করে না। বিষয়ীরা দ্রুত হাতে কোমরের গেঁজে টাকা-পয়সা টিপে দেখে নিশ্চিন্ত হয়। আছে! অচিরে যুবক নিজেই ধীরে উঠে দাঁড়ায়। কারও সাহায্য সে প্রত্যাশা করে না।হানিফকে পাছে কেউ হূদয়হীন মনে করে, তাই সে নরম গলা ধরে। ভিজে গামছা দিয়ে নিজের হাত মুছতে মুছতে একবার খদ্দেরদের দিকে, আরেকবার যুবকের দিকে চোখ ফিরিয়ে ফিরিয়ে শান্ত গলায় বলতে থাকে, কাম না পান জলেশ্বরীতে? তো রংপুরে যান না কেনে? ঢাকা যান না কেনে? কিছু না পারেন, সরকারি দলে যোগ দিয়া, মিটিংয়ে চুঙ্গা ফুঁকিবার কাম ধরেন না কেনে? বড় বড় কথা তোমাক্ ভাত দিবে? প্যাটের ভাত বলিয়া কথা! জলেশ্বরীতে না জোটে, ঢাকা যায়া কপাল পরীক্ষা করেন না কেনে?যুবকটি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে খদ্দেরদের দিকে। খদ্দেরদের কারও কারও মাথা নড়ে। হানিফের কথায় তাদের সায় লক্ষ করা যায়। যুবক এরপর বিড়বিড় করে কী বলে, বোঝা যায় না। অচিরে সে দোকান থেকে নেমে পা টেনে টেনে পথের বাঁকে চোখের আড়াল হয়ে যায়।তখন খদ্দেরদের একজন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, জায়গার মায়া বড় মায়া, বাহে।আরেকজন চায়ের পেয়ালায় সুড়ুৎ করে চুমুক দিয়ে জগৎ-অভিজ্ঞ ভঙ্গিতে বলে, রাজধানীতে চাকরি পাওয়া কঠিন কথা, মামু। নৌকায় ওঠেন বা ধানের শীষ মুঠ করিয়া ধরেন, তবে চাকরি। নয়, জমি বেচিয়া দালাল ধরেন, নবীর দ্যাশে কুলির কাম করিবার যান।যুবকটির পা টলমল করে। এখানেই কোথাও বসে পড়তে পারলে ভালো হতো। কিন্তু এখানে কিছুতেই নয়। জীবন বা মৃত্যু কোনো কিছুই আর ফল দেয় না বা ঝড়ে ভাঙে না। কেবল বুকের ভেতর আশা এই যে কালকের দিনটি অন্য রকম হবে হয়তো। সেই আগামীকাল পর্যন্ত বেঁচে থাকার জন্য তাকে মানুষের মধ্যে থাকতে হবে। এখানে আর নয়। এই নির্দয় দোকানে নয়। এই নির্জন রাস্তায় নয়। ইস্টিশানের গা-ছমছমে অন্ধকারে নয়। পাটগুদামের বারান্দায় শুয়ে থাকা কুণ্ডলী পাকানো কুকুরদের পাশে নয়। আলোর ভেতরে। মানুষের ভেতরে। মানুষের কাছে।রাতের ট্রেন চলে যাবার পরপরই জলেশ্বরীতে ঝপ করে মধ্যরাত নামে। সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। বাড়িঘরের বাতি নিভে যায়। রাস্তা নির্জন হয়ে যায়। মাতালের মতো হাওয়া ঘোরে শহরের ওপর দিয়ে। যুবকটি ইস্টিশানের লোহার থামে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর হাঁটতে থাকে।ইস্টিশান রোড, স্কুল রোড, চানবিবির পুকুর, কুতুবুদ্দিনের মাজার, শহীদ গেদু মিয়া রোড, শহীদ মহিউদ্দিন সড়ক, একাত্তরের স্মৃতিমিনার, কাছারি বিল্ডিং, টাউন হলের মাঠ, পায়ে পায়ে টেনে নিয়ে চলে সে। সাইকেলে চড়ে এই এত রাতে মুক্তিযোদ্ধা হায়দার ভাই ফিরছেন, যুবকটি ত্রস্তে একপাশে সরে যায়। ছায়ার সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই অনাহারী মুখ মুক্তিযোদ্ধাকে দেখাতে তার ইচ্ছে করে না। তারা তো সোনার দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তাই সে হায়দার ভাই বলে ডেকে ওঠে না।যুবকটি নিজেকে এখন হাসপাতালের সমুখ সড়কে আবিষ্কার করে। এই শরীর ও মন নিয়ে কত দীর্ঘ পথ সে হেঁটেছে, ভেবে বিস্ময় হয় তার। এত শক্তি তার অনাহারী শরীরে! এখনো! হাসপাতালের সমুখভাগে চাঁদের মতো গোল ঘরটাতে আলো জ্বলছে। এতক্ষণ পরে এই একটি আলো দেখে যুবকটি উৎফুল্ল হয়ে ওঠে।ঘরের ভেতর হলদে একটা ন্যাংটো বাল্ব জ্বলছে মাথার ওপর। নিচে টেবিলে মাথা রেখে ড্রেস করে সাদা শাড়ি পরা একটি নার্স ঘুমিয়ে আছে। এ-ও তবে ঘুমিয়ে? পৃথিবীর কত অসুখ এখনো জেগে আছে! নার্সটিকে ঘুমোতে দেখে যুবকটির বড় শঙ্কা হয়। বুকের ভেতর তাড়া অনুভব করে সে। নিজেরই ভেতর থেকে সে মিনতি শুনতে পায়, বুবু, আর না ঘুম যান। জেগে উঠুন, বুবু! শুনতে পাচ্ছেন না, যন্ত্রণায় কারা কোথায় অবিরাম কেঁদে কেঁদে এখন ভেঙে পড়েছে? বুবু, তাদের কান্নার স্বর ক্ষীণ হয়ে যেতে যেতে বাতাসের ফিসফিস হয়ে গেছে, মরা চাঁদের মতো ময়লা হয়ে গেছে, আপনি এখনো ঘুমিয়ে থাকবেন? কত কাল আগে ফাঁসি নেওয়া যুবকের বোনটি। তার ছবি মনে পড়ে। ঠিক সেই রকম। অবিকল সে-ই। নার্সের মাথাটি অবিকল সেইভাবে কাত হয়ে আছে। কিন্তু বোনটির মুখচ্ছবি ঠিক মনে পড়ে না তার। কালো জলের ঢেউয়ে যেন ধুয়ে গেছে। যুবকের ভেতরটা শিরশির করে ওঠে। সে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। ভয়ের পিঠ বেয়ে মমতা ঝরে পড়তে থাকে শিশিরের মতো।নার্সটি ঘুমের ভেতর হঠাৎ চমকে ওঠে। চোখ খুলে দেখে, তার মুখের ওপর ঝুঁকে আছে ক্ষুধার্ত শীর্ণ অচেনা একটি মুখ। কোটরের ভেতর থেকে ধকধক করছে একজোড়া বিশাল চোখ। হঠাৎ কোথায় একটা পাখি তীব্র কটাস স্বরে একবার ডেকে ওঠে। রাত ফালাফালা হয়ে যায়। তৎক্ষণাৎ নার্স টেবিলের ওপর থেকে পেপার ওয়েট তুলে সেই চোখ দুটির মাঝখানে ছুড়ে মারে।মুহূর্তের মধ্যে রক্ত ফিনিক দিয়ে চোখ দুটিকে ঢেকে দেয়। যুবক মেঝের ওপর পড়ে যায়। কপালে পাথরের আঘাত আর মেঝেতে লুটিয়ে পড়ার মাঝখানে, রক্তের ভেতর দিয়ে জগতের রং ঘোর লাল হয়ে যাওয়া দেখতে দেখতে যুবকটি ভাবে। হানিফের দোকানে যেমন, আবার তার মুখে অদ্ভুত নীরব হাসিটি ফুটে ওঠে। সে ভাবে, এই যে বন্ধু কমে যায়, একদিন আর বন্ধু কেউ থাকে না, মানুষও আর থাকে না তারপর, চেনা বা অচেনা, শেষ পর্যন্ত পড়ে থাকে বিকট এক শূন্যতা, কিন্তু সেই শূন্যতা হ্রাস বা বিদায়ের মতো ঘন নয়, আর সেই শূন্যতা নিজেই নিজেকে ঘৃণা করে, শূন্যতা নিজেই নিজের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং হ্যাঁ, রুখে উঠে আঘাত করে। না, শূন্যতা অন্তত সৌজন্য বা প্রতারণা করে না কাউকে।আহ, এই আঘাত কী মধুর! কী উষ্ণ! কী কোমল! যুবকটির মুখ দীর্ঘ অনাহারের পর খাদ্য গ্রহণের তৃপ্তি ও প্রশান্তিতে ভরে ওঠে।নার্সটি কর্তব্যসচেতন হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই। ঝুঁকে পড়ে সে যুবকের কপালে হাত রাখে। পূর্ণ পাকস্থলী থেকে যেমন, যুবকের দীর্ঘ একটি উদ্গারধ্বনি শোনা যায়। কালকের দিনটি হয়তো অন্য রকম হবে, আর সে সেই আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবে, এমন একটি আশাবৃক্ষ বুকের মধ্যে শেকড় চারিয়ে ওঠে। সে জ্ঞান হারায়।