বুচি শর্মা জীবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল রোববার রাতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মারা যাননি বুচি শর্মা (৭০)। অজ্ঞান অবস্থায় জীবিত আছেন।উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক রেদুয়ান তারেক ও বুচি শর্মার স্বামী যতীন শর্মা আজ সোমবার প্রথম আলো ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে গতকাল রোববার এই বৃদ্ধা মারা গেছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরীর বরাত দিয়ে বুচি শর্মার মৃত্যুর খবরটি দৈনিক প্রথম আলোয়ও ছাপা হয়েছিল।তবে ইউএনও মো. শামসুল ইসলাম ও এসআই বখতিয়ার উদ্দিন চৌধুরী আজ সকালে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে বুচি শর্মার মৃত্যুর বিষয়টি তাঁদের কাছে নিশ্চিত করা হয়েছিল। কিন্তু আজ সকালে জানা গেছে, তিনি বেঁচে আছেন।বুচির স্বামী যতীন শর্মা আজ সকালে প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল বাড়িতে আগুন দেওয়ার সময় আমার স্ত্রী বুচি শর্মা ও পুত্রবধূ সবিতা শর্মা (৩২) বাড়িতে ছিল। সবিতা শর্মা বেরিয়ে আসতে সক্ষম হলেও বুচি শর্মাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১০টার দিকে পার্শ্ববর্তী বাড়ির জঙ্গলে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি ঘটনাস্থলে এসে বুচি শর্মাকে দেখেন। তখনো তার জ্ঞান ছিল না। রাত ১২টা পর্যন্ত তার জ্ঞান না ফেরায় এলাকায় লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে বুচি শর্মার মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। স্থানীয় পল্লিচিকিত্সক রাখাল চন্দ্র কর্মকার অন্য একটি বাড়িতে সারা রাত তাকে চিকিত্সা দিয়েও জ্ঞান ফেরাতে পারেননি। আজ সকালে বুচিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল নয়টার দিকে একটু নড়াচড়া করলেও তার অবস্থা এখনো অপরিবর্তিত আছে।’ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক রেদুয়ান তারেক বলেন, বুচি শর্মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাঝেমধ্যে তাঁর জ্ঞান ফিরলেও আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন।