প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হিন্দুধর্মে ভালো নম্বর পেতে পাঠ্যবইটা খুব ভালো করে পড়বে। পাঠ্যবইয়ের মধ্যেই রয়েছে সব প্রশ্নের উত্তর। ভালো করে পড়ো ও রিভিশন দাও পাঠ্যবই। এবার পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।প্রশ্নপত্রে প্রথমে থাকবে উত্তরপত্রে সঠিক উত্তর লিখন। প্রশ্ন থাকবে পাঁচটি। উত্তর করতে হবে পাঁচটিরই। এখানে মোট নম্বর ১০। প্রতিটি প্রশ্নের মান ২। এর পরের, অর্থাৎ ২ নম্বর প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ। প্রশ্ন থাকবে পাঁচটি। সব কটির উত্তর করতে হবে। এখানেও মোট ১০ নম্বর থাকবে। ৩ নম্বর প্রশ্নে থাকবে শুদ্ধ-অশুদ্ধ নির্ণয়। প্রশ্ন থাকবে পাঁচটি। উত্তর করতে হবে পাঁচটিরই। এখানেও মোট ১০ নম্বর। ৪ নম্বর প্রশ্নে থাকবে বাক্যাংশের মিল। এখানেও পাঁচটি প্রশ্নে ১০ নম্বর থাকবে। ৫ নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সাতটি প্রশ্নের মধ্যে যেকোনো পাঁচটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৪। ৬ নম্বরে থাকবে বর্ণনামূলক প্রশ্ন। এখানেও সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৮। হিন্দুধর্ম শিক্ষায় মন্ত্র ও শ্লোক থাকে। এগুলো সঠিক ও শুদ্ধ বানানে লিখতে হবে। তাড়াতাড়ি লিখতে গিয়ে যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে। ‘দেব-দেবী ও পূজা’ অধ্যায় মনোযোগ দিয়ে পড়বে। বিভিন্ন দেব-দেবীর নাম ও কাজ বিভিন্ন ধরনের। তাই এক দেব-দেবীর কাজ অন্যের নামে লিখবে না। এ বিষয়ে সতর্কভাবে খেয়াল রাখতে হবে। ধর্মগ্রন্থ, রামায়ণ ও মহাভারত অংশে বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে। এগুলো সঠিকভাবে পড়তে হবে। কারণ, এসব ঘটনার মধ্যে নাম ও স্থানের উল্লেখ রয়েছে, যা সঠিকভাবে না লিখলে নম্বর কমে যেতে পারে। নীতিশিক্ষামূলক কাহিনি ভালো করে পড়বে। কাহিনিগুলো সঠিকভাবে বুঝে বুঝে পড়বে। তাহলে ভালো নম্বর পাবে। পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে সঠিক উত্তর লিখন, শূন্যস্থান পূরণ, শুদ্ধ/ অশুদ্ধ নির্ণয়, মিলকরণ ইত্যাদি প্রশ্নে বেশি জোর দিতে হবে। এতে শিক্ষার্থীদের পাঠ্যবই খুব ভালো করে পড়তে হবে। তবেই সব প্রশ্নের উত্তর লিখতে পারবে, নম্বরও পাবে বেশি।