বুড়িগঙ্গায় নির্মাণাধীন বিনোদন কেন্দ্র অপসারণের নির্দেশ
বুড়িগঙ্গা নদীর ভেতরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদন কেন্দ্র আগামী ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত ১৬ মে হাইকোর্ট বুড়িগঙ্গা নদীর ভেতর বিআইডব্লিউটিএর বিনোদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের সব কার্যক্রমের ওপর তিন মাস স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে এখানে বিনোদন কেন্দ্র নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন আদালত। নির্মাণাধীন বিনোদন কেন্দ্রের সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।তিন সপ্তাহের মধ্যে নৌপরিবহনসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিচালক (বন্দর), পরিচালক (পরিকল্পনা), প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল।প্রসঙ্গত, গত ৭ মে ‘বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর অনুলিপি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ হাইকোর্টে রিট দায়ের করেন।