বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৌদ্ধসম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভুটানের রাষ্ট্রদূত; শ্রীলঙ্কার হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ বৌদ্ধসম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এ সংবর্ধনায় অংশ নেন। খবর বাসস।রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে স্বাগত জানান। তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন এবং তাঁদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত্ কামনা করেন। এ সময় ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়াসহ বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।