বুদ্ধিজীবী ও ব্যাংকারদের কথা ‘রাবিশ ও বোগাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হল-মার্কের এমডি জেলে রয়েছেন, তাঁর শাস্তি হবেই।’ এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হইচই শুরু করেছেন। ওনাদের চরিত্রই হইচই করা। যাঁরা এই চিৎকার-চেঁচামেচি করছেন, তাঁরা দেশের মঙ্গল চান না।’হল-মার্ক নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকারদের সাম্প্রতিক মতামতকে ‘রাবিশ ও বোগাস’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘যে যা-ই বলুক, বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভালো সময়।’গতকাল শুক্রবার সকালে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় রূপালী ব্যাংকের ৫১৩তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, ‘ব্যাংকিং খাতে পৃথিবীজুড়ে জালিয়াতি হয়, নানা দুষ্টামিও হয়। বাংলাদেশেও সেটা হয়েছে। তবে এটা ভয়ংকর কিছু না।’ সোনালী ব্যাংকে দেশের বড় জালিয়াতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হল-মার্ক একটি দুষ্ট প্রতিষ্ঠান। জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে। এ জালিয়াতির বিচার অবশ্যই হবে।’হল-মার্ক প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে ব্যাংকার, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের মতামত প্রকাশ করা হয়েছিল প্রথম আলোতে। আর এ বিষয়ে গতকাল সিলেটে বক্তব্য দেন অর্থমন্ত্রী। এ বক্তব্য নিয়ে প্রথম আলোকে যাঁরা মতামত দিয়েছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে কয়েকজন কোনো মন্তব্য করতে চাননি।হল-মার্ক গ্রুপকে নতুন করে ঋণ দেওয়ার চিন্তার সমালোচনা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম। অর্থমন্ত্রীর নতুন বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের মত আমরা প্রকাশ করেছি। এখন অর্থমন্ত্রী তাঁর মত প্রকাশ করেছেন। হল-মার্ক নিয়ে আমরা যা বুঝেছি, আমাদের আশাবাদ ইত্যাদি আমরা প্রকাশ করেছি। এখানে আমাদের কোনো স্বার্থ নেই। এখন অর্থমন্ত্রী এর সঙ্গে একমত না হলে তো কিছু করার নেই।’ব্যবসায়ী নেতা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ হল-মার্ক নিয়ে মতামত প্রকাশ করেছিলেন। তিনি গতকাল বলেন, ‘হল-মার্কের এই কেলেঙ্কারির সঙ্গে ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। অর্থমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া। এটা না করে যদি আবার নতুন করে ঋণ দেওয়া হয়, তাহলে এই দায়ী ব্যক্তিরা ছাড়া পেয়ে যাবে। তাহলে তা প্রকারান্তরে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে। আমি মনে করি, অর্থমন্ত্রীর মৌলিক দায়িত্ব হচ্ছে, যাতে এরা শাস্তি পায়, তার ব্যবস্থা করা। তা না করে এই চক্রকে ছাড় দেওয়া হলে পরবর্তী পর্যায়ে অর্থমন্ত্রীকেই জবাবদিহি করতে হতে পারে।’তবে কেবল বুদ্ধিজীবী ও ব্যাংকাররাই নন, অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন সাধারণ মানুষও। গত দুই দিন ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। অনেক পাঠক প্রথম আলোর কার্যালয়েও ফোন করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। ব্যাংক খাতেও এর প্রতিক্রিয়া হয়েছে বলে ব্যাংকের সূত্রগুলো জানায়।বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, কৃষি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রী সুশীল সমাজ, জনগণ—কারও মতামতকেই মূল্য দিতে চান না, এটা খুব দুঃখজনক ব্যাপার।’ তিনি বলেন, ‘আর্থিক কেলেঙ্কারি বা জালিয়াতি পৃথিবীজুড়েই হয়। কিন্তু বাংলাদেশের অর্থনীতির আকারের তুলনায় এর (হল-মার্ক) যে পরিমাণ, এ রকমের ঘটনা খুব একটা বেশি ঘটে না। আর এটা তো ঋণ দেওয়া নয়, প্রতারণা। অন্য দেশে হলে শাস্তি দেওয়া হয়। অথচ বাংলাদেশে শাস্তি দেওয়ার চেয়ে তাদের পুনর্বাসন করার যে প্রক্রিয়া, তা আমাদের খুবই হতাশ করে।’খালেদা জিয়ার সমালোচনা: সিলেটের ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যা করছেন, দেশের স্বার্থে করছেন না। এটা পুরোপুরি দেশের সঙ্গে শত্রুতা। জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতা, রক্ষাকর্তা ও আশ্রয়দাতা হিসেবে দেশে নৈরাজ্য চালাচ্ছেন খালেদা জিয়া।’অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির ও ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ আহমদ।ভালো দেখে না গণমাধ্যম: গতকাল সিলেটে আরেকটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সরকারের ভালো কিছু দেখে না। খারাপ কিছু পেলে তা নিয়ে মেতে থাকে। আমি যদি বলি দুর্নীতি ওপরের দিকে কিছু কিছু আছে, তা নিয়ে মাতামাতি করবে। কিন্তু ওপরের দুর্নীতি যে বেশির ভাগ কমেছে, বিষয়টি গণমাধ্যম না দেখে সামান্য কিছু নিয়েই মেতে থাকে।’দুপুরে সিলেটে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের পরিচালক, সহকারী পরিচালক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় অর্থমন্ত্রী বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন।