বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন খান সারওয়ার মুরশিদ
বিশিষ্ট শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ আর নেই। আজ শনিবার বিকেলে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।আজ বিকেলে খান সারওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ প্রথম আলো ডটকমকে এ খবর জানান। খান সারওয়ার মুরশিদের পারিবারিক বন্ধু আমিনুল হক জানান, শনিবার রাত আটটার দিকে অ্যাপোলো হাসপাতালে খান সারওয়ার মুরশিদের কফিন উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে সবাই শ্রদ্ধা জানাতে পারবেন। রাতে অ্যাপোলো হাসপাতালের হিমাগারেই থাকবে তাঁর মরদেহ। কাল রোববার সকালে গুলশানের বাসায় তাঁর মরদেহ নেওয়া হবে। দুপুরে গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মাননা জানানোর পর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আবার তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিত্সাধীন ছিলেন সারওয়ার মুরশিদ। তাঁকে কৃত্রিম ব্যবস্থায় শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৮ বছর বয়সী খান সারওয়ার মুরশিদ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ১৮ অক্টোবর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিত্সাধীন অবস্থায় তিনি একাধিকবার হূদরোগে আক্রান্ত হন। সর্বশেষ গত সপ্তাহে তাঁর অবস্থার চরম অবনতি ঘটে। এরপর থেকে তিনি কোমায় ছিলেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নিতে চাওয়া হলেও সেখানকার চিকিত্সকেরা কোনো আশা দিতে না পারায় তাঁকে ঢাকাতেই রাখা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দেখতে যান ও তাঁর আরোগ্য কামনা করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। ২০১০ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান। মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর পরিচালনা পর্ষদের সদস্য তিনি। তাঁর স্ত্রী নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।