কেউ কখনো জানবে না তাঁদের সংখ্যা কত—বুদ্ধিজীবী, ডাক্তার, সাংবাদিক ও যুবক, যাঁদের অধিকাংশই কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, চিরতরে নিরুদ্দিষ্ট হওয়ার আগে যাঁদের তাড়া করে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়ো করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার সহকারী অধ্যাপক আনোয়ার পাশার স্ত্রী মোহসিনা পাশা বড় গর্তগুলোর পাশে যেখানে বাঙালি বুদ্ধিজীবীদের গলিত দেহ আবিষ্কৃত হয়েছে, সেখানে স্বামীর দেহটি শনাক্ত করতে এসেছেন। আরও অনেকের মতোই ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের দুই দিন আগে অধ্যাপক পাশাকে তুলে নেওয়া হয় এবং পাঠানো হয় রাজাকারদের এই বধ্যভূমিতে। তাঁর আরও দুজন সহকর্মী—ইংরেজি বিভাগের প্রভাষক রাশিদুল হাসান এবং ইতিহাসের অধ্যাপক সন্তোষ ভট্টাচার্যকেও সেই সকালেই রাজাকারদের একই দল বাসা থেকে ধরে নিয়ে আসে।পাকিস্তানি যুদ্ধবন্দীরা বলে যাচ্ছেন, এই নৃশংসতা সম্পর্কে তাঁদের কিছুই জানা নেই। কিন্তু এখন সাক্ষ্য উঠে আসছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশেই রাজাকাররা দায়িত্ব পালন করেছে। একটি পত্রে একজন ভিকটিমের নাম ছিল নিজামউদ্দিন, পাশে মন্তব্য ‘উদ্দেশ্যপ্রবণ কাহিনী’, নিজামউদ্দিনের নামের পাশে কাটা দাগ।এই হত্যাযজ্ঞে একমাত্র বেঁচে যাওয়া ঢাকার গ্রিনল্যান্ড মার্কেন্টাইল কোম্পানির প্রধান হিসাবরক্ষক দেলোয়ার হোসেন বলেছেন, ১৪ ডিসেম্বর সকালে বেশ কজন রাজাকার তাঁকে বাড়ি থেকে টেনে বের করে। তাঁর চোখ বেঁধে বাসে চড়িয়ে ঢাকা শহরের বাইরে একটি ক্যাম্পে নিয়ে আসে। তাঁকে জোর করে একটি কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর চোখের বাঁধন আলগা করা হলে তাঁর চোখে পড়ে, সেই কক্ষে আরও ২০-৩০ জন বন্দী। তাঁদের কাউকে নির্যাতন করা হয়েছে, পায়ের নখ টেনে তুলে ফেলা হয়েছে, আঙুলও কেটে ফেলা হয়েছে কারও কারও।এক ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। বন্দীরা নিজেদের পরিচয় দেয়—ডাক্তার, উকিল, অধ্যাপক ও সাংবাদিক। তাঁদের জোর করে একটি বাসে তুলে ঢাকা শহরের পাশের একটি জলাভূমিতে নিয়ে আসা হয়। রাজাকাররা তাঁদের একটি বড় গাছের নিচে নিয়ে আসে, সেখানে আরও প্রায় ১৩০ জন বন্দী জড়ো করে রাখা হয়েছে। বন্দীদের কেউ কেউ রাজাকারদের জিজ্ঞেস করেন, তারাও বাঙালি হয়ে বাঙালিদের কেন হত্যা করছে। তাদের একজন আমাদের বলল, ‘চুপ কর।’ তারপর আদেশ দেয়, ‘বেজন্মাগুলোকে শেষ করে দে।’ হোসেন বললেন, ‘তখনই তারা রাইফেল থেকে বন্দীদের গুলি করল। অনেককে কেবল বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। আমি আমার কবজিতে বাঁধা দড়ি ফসকে বেরিয়ে যেতে পেরেছিলাম, তারপর প্রচণ্ড বেগে নদীর দিকে দৌড়ে যাই। আমি অলৌকিক উপায়ে বেঁচে গেছি।’দ্য টাইমস, ৩০ ডিসেম্বর ১৯৭১