বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলবদরের দুই সদস্য চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অপহরণে জড়িত থাকার অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয়।বেলা পৌনে একটার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক এ অভিযোগপত্র জমা দেন।তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান জানান, এই দুজনের বিরুদ্ধে ১৬টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান—এ দুজনই পলাতক রয়েছেন। এর আগে ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের রায় হয়েছে।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সূত্র জানায়, মুক্তিযুদ্ধকালে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান ছিলেন আলবদর বাহিনীর অন্যতম নেতা। একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। তাঁদের বিরুদ্ধে যে ১৮ বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন নয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিত্সক।বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, আবুল খায়ের, সন্তোষ ভট্টাচার্য, সিরাজুল হক খান ও ফয়জুল মহি। চিকিৎসকেরা হলেন মো. মর্তুজা, আলীম চৌধুরী ও ফজলে রাব্বি। সাংবাদিকেরা হলেন দৈনিক ‘ইত্তেফাক’-এর নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেন, ‘পিপিআই’-এর (পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল) প্রধান প্রতিবেদক সৈয়দ নাজমুল হক, দৈনিক ‘পূর্বদেশ’-এর প্রধান প্রতিবেদক আ ন ম গোলাম মোস্তফা, বিবিসির সংবাদদাতা নিজাম উদ্দিন আহমদ, দৈনিক ‘শিলালিপি’র সম্পাদক সেলিনা পারভীন এবং দৈনিক ‘সংবাদ’-এর যুগ্ম সম্পাদক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সার। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে মুসলিম এইড নামের একটি সংস্থার প্রধান। আশরাফুজ্জামান থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।