বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনায় ছিলেন মুঈনুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী ওমর হায়াত (৭১)। তিনি মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক মো. মর্তুজার স্ত্রীর খালাতো ভাই।জবানবন্দিতে এই সাক্ষী বলেন, একাত্তরে মর্তুজাসহ বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যার পরিকল্পনায় ছিলেন মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান তাঁদের ব্রাশফায়ার করে হত্যা করেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওমর হায়াতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে ওমর হায়াত বলেন, তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক হিসেবে অবসর নিয়েছেন। একাত্তরে তিনি সপরিবারে ঢাকার লালবাগে থাকতেন। তাঁর খালাতো বোন সায়িদা চিকিৎসক স্বামী মর্তুজার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আবাসিক কোয়ার্টারে থাকতেন। মুক্তিযুদ্ধকালে মর্তুজা, চিকিৎসক ফজলে রাব্বী ও আলীম চৌধুরী মিলে গোপনে আহত মুক্তিযোদ্ধাদের সাহায্য ও অর্থ সহায়তা করতেন। একাত্তরের ১৪ ও ১৫ ডিসেম্বর ঢাকায় কারফিউ চলছিল। তাঁরা ১৬ ডিসেম্বর খবর পান, আলবদররা মর্তুজাকে বিশ্ববিদ্যালয়ের ওই বাসা থেকে ধরে নিয়ে গেছে। তিনি সায়িদার কাছে শোনেন, আলবদররা ১৪ ডিসেম্বর মর্তুজার চোখ বেঁধে কাদামাখা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার কয়েক দিন পর তিনি বোনের (সায়িদা) বাসায় গিয়ে তাঁর কাছে শোনেন, মফিজ নামের একজনকে নিয়ে তাঁদের বাসায় এসেছিলেন পুলিশ কর্মকর্তা সামাদ। মফিজ ছিলেন মর্তুজাকে তুলে নিয়ে যাওয়া মাইক্রোবাসের চালক। সামাদ মিরপুরের একটি স্থানে কয়েকটি লাশ পড়ে আছে বলে সায়িদাকে জানিয়ে শনাক্ত করতে একজনকে সেখানে পাঠাতে বলেন। সায়িদা তাঁকে (সাক্ষী) সেখানে যেতে বলেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ১৯৭২ সালের ৪ জানুয়ারি তিনি, পুলিশ কর্মকর্তা সামাদ, মিত্রবাহিনীর এক মেজর, শহীদ অধ্যাপক সিরাজুল হক খানের ছেলে এনামুল হক খান (রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী) ওই মাইক্রোবাসের চালক মফিজকে নিয়ে মিরপুরে মাজারের পেছনে একটি বধ্যভূমিতে যান। সেখানে দুটি গর্তের একটি থেকে শাড়ি দিয়ে চোখ বাঁধা মর্তুজার লাশ পাওয়া যায়। একই স্থান থেকে অধ্যাপক আনোয়ার পাশা, রাশীদুল হাসান, অধ্যাপক সিরাজুল হক খান, সন্তোষ ভট্টাচার্যসহ কয়েকজন বুদ্ধিজীবীর গলিত ও বিকৃত লাশ পাওয়া যায়। স্বজনেরা বুদ্ধিজীবীদের পোশাক, জুতা, বেল্ট, চশমা প্রভৃতি দেখে লাশ শনাক্ত করেন। এ সময় মফিজ জানান, সেদিন (১৪ ডিসেম্বর) মর্তুজাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যার পরিকল্পনায় ছিলেন মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান তাঁদের ব্রাশফায়ার করে হত্যা করেন।জবানবন্দির শেষ পর্যায়ে ওমর হায়াত মর্তুজাসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।জবানবন্দি শেষে ওমর হায়াতকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুর শুকুর খান ও সালমা হাই। জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।