বুদ্ধিজীবী হত্যার বিচার আলাদাভাবে করা যেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বছর পর হলেও দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এটা কেবল দেশবাসীর দাবিই নয়, আমি মনে করি, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচার হওয়াটা তাঁদের ন্যায্য পাওনা। এই বিচার করাটা দেশবাসীর কর্তব্য। আজ আম্মা বেঁচে থাকলে খুব আনন্দিত হতেন। তবে যুদ্ধাপরাধীদের বিচার যে একদিন হবেই, এ নিয়ে তাঁর কোনো সন্দেহ ছিল না।আমি মনে করি, বুদ্ধিজীবীদের হত্যার বিচার আলাদাভাবেও করা যেত। কারণ, একাত্তরের সামগ্রিক গণহত্যার মধ্যে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড ভিন্ন ধরনের ছিল। সমাজের কিছু বিশিষ্ট নাগরিককে এক সুদূরপ্রসারী নীলনকশায় সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। কাজেই তাঁদের খুনিদের বিশেষ ট্রাইব্যুনালে বাহাত্তর সালেই বিচার করে সাজা দেওয়া যেত।আমার মা জাহানারা ইমামকে এ দেশের মানুষ ‘শহীদজননী’ বলে সম্বোধন করে যে সম্মান দিয়েছেন, সে জন্য আমি গর্বিত এবং ধন্য। তবে তিনি যে কেমন করে, কীভাবে জাতির কাছে শহীদজননীর মর্যাদায় অভিষিক্ত হলেন, সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। হয়তো আমার এ কথায় অনেকেই আশ্চর্য হবেন। কিন্তু এ কথা সত্য।মুক্তিযুদ্ধে আমার ভাই শহীদ হয়েছে। আমার বাবা, আম্মা, আমি বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলাম। আম্মার একাত্তরের দিনগুলি বইতে সে বিবরণ অনেকেই জেনেছেন। দেশের স্বাধীনতার জন্য যে আমরা কিছু ভূমিকা রাখতে পেরেছি, এর জন্য গৌরব বোধ করি। এটা একটা দিক। অন্য একটা দিকও আছে। আমার আম্মা এ দেশে এমন একটি সময়ে এমন একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যা ছিল সেই সময়ের সবচেয়ে বড় দাবি। সেই আন্দোলন তাঁকে যেমন জাতির কাছে মাতৃত্বের আসনে অধিষ্ঠিত করেছিল, তেমনি যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করে জাতির একটি বড় দায়মুক্তির পথে অগ্রযাত্রার সোপানও তৈরি করেছিল। সেই পথ ধরেই আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এমন এক মায়ের সন্তান হওয়ায় নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়।আমি তাঁকে ডাকতাম ‘আম্মা’। ১৯৮২ সালে আম্মার ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচার হলো। দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ’৮৬ সালে। তার পর থেকেই আম্মার সঙ্গে আমার আর কোনো আনন্দের দিন নেই। আমি যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকি। এখানেই চিকিৎসা হচ্ছিল। চিকিৎসার প্রয়োজনেই প্রতিবছর তিনি ঢাকা থেকে আসতেন। যে কটা দিন থাকতেন তাঁকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি, চিকিৎসার ব্যবস্থা করা—এসব করেই পেরিয়ে যেত। কথাবার্তা যা হতো, তা সবই চিকিৎসাকেন্দ্রিক। ফাঁকে যে সময়টুকু পেতেন, আমার বড় মেয়ে লিয়ানাকে (লিয়ানা জাহান) নিয়েই কাটাতেন। একটু সুস্থ হলেই ফিরে যেতেন ঢাকায়। ফলে ঘাতক-দালাল নির্মূল কমিটির আন্দোলন শুরু করা, সেই আন্দোলনকে এত ব্যাপক গণ-আন্দোলনে পরিণত করা, এসব আমি জানতে পারিনি। আমার ধারণাতেও ছিল না। আম্মা নিজেও কখনো এ নিয়ে কোনো কথাই বলেননি। সম্ভবত তিনি ভেবেছিলেন, ক্যানসারের মতো মারাত্মক অসুখ নিয়ে এমন ঝুঁকিপূর্ণ আন্দোলনে জড়িয়ে পড়ার কথা জানলে আমি তাঁকে নিরুৎসাহিত করতে পারি।আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে গণজাগরণ সৃষ্টি করেছে, তখন একটু করে খবর পাচ্ছিলাম, আম্মা দেশে কিছু একটা করছেন। তবে তা যে এত ব্যাপক কিছু, তা ভাবতে পারিনি। ১৯৯৩ সালে মার্চের কোনো একদিন বাড়িতে ফোন করেছি। ফোন ধরল মানিক। আমি বললাম, ‘আম্মা কোথায়।’ ও বলল, ‘বাসায় নাই। পরে টেলিফোন করেন।’ যতবারই জিজ্ঞেস করি ওর সেই এক কথা। বুঝলাম, কিছু একটা হয়েছে। ঘণ্টা খানেক পর আম্মার ফোন এল। কথাবার্তার একপর্যায়ে বললেন, মিটিংয়ে গিয়েছিলেন। আমি খানিকটা অসন্তুষ্ট। ‘তোমার ক্যানসার। তুমি আবার এর মধ্যে ঢুকেছ কেন? এসব ছেড়ে দাও।’ তিনি বললেন, ‘এর মধ্যে না গিয়ে পারা যায় না। এখান থেকে বের হয়ে আসা অসম্ভব।’আমার মনে হয়, গোলাম আযমকে যখন জামায়াতে ইসলামীর আমির করা হলো, তখন সেটি ছিল বাঙালি জাতির মুখে একটা চড় মারার মতো ঘটনা। আম্মার মনে হয়েছিল, চড়টি মারা হয়েছে তাঁর ছেলে শহীদ রুমির গালে। ক্যানসার উপেক্ষা করে আম্মা প্রতিবাদ করে এগিয়ে এসেছিলেন। প্রতিবাদী করে তুলেছিলেন এ দেশের গণমানুষকে।আমি দেশে থাকি না। ১৯৭৪ থেকে বিদেশে। কাজেই দেশের সমাজ-রাজনীতি এসব নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। দূর থেকে যতটুকু পারি খোঁজখবর রাখার চেষ্টা করি। নিজেকে শতভাগ বাঙালি বলে মনে করি। এটুকু বলতে পারি, দেশের অবস্থা ভালো কি মন্দ, সেটি অন্য বিবেচনার বিষয়, কিন্তু দেশটা যেখানেই থাকুক ‘বাংলাদেশ’ হিসেবেই রয়েছে। মুক্তিযুদ্ধে এটাই আমাদের একটি বড় চাওয়া ছিল। বাঙালির একটি স্বদেশ থাকবে। সেই প্রত্যাশা পূরণ হয়েছে।আম্মার মৃত্যুর পর থেকে প্রতিবছর আমি অন্তত একবার দেশে আসি। আমাদের এলিফ্যান্ট রোডের বাড়িটিকে জাদুঘর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আক্কু চৌধুরী বিশেষভাবে সাহায্য করেছেন। এটিকে শুধু পারিবারিক জাদুঘর হিসেবে সীমিত রাখিনি। জাদুঘরটি নিয়ে একটু বড় পরিকল্পনা রয়েছে আমাদের। আমার আব্বা শরীফ ইমাম, আম্মা জাহানারা ইমাম, বড় ভাইয়া শহীদ শাফি ইমাম রুমীর ব্যবহূত নানা সামগ্রী এখানে রাখা হয়েছে। আম্মার লেখার পাণ্ডুলিপি, তাঁর বই, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির বিভিন্ন সময়ের পোস্টার, আন্দোলনের আলোকচিত্র—এসবও আছে। এর পাশাপাশি ভাইয়ার সহযোদ্ধা বন্ধুদের ছবি, পরিচিতি, নিদর্শন—এসব রেখেছি। আমরা চেষ্টা করছি, যাঁরা এই জাদুঘরে আসবেন, তাঁদের মনে যেন মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তাহলে সেই আগ্রহ থেকে তাঁরা আরও বিস্তারিতভাবে এবং সঠিক ইতিহাস জানতে সচেষ্ট হবেন।সাইফ ইমাম: শহীদজননী জাহানারা ইমামের যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে।