বুদ্ধিজীবীদের হত্যায় মুঈনুদ্দীন-আশরাফ জড়িত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী ও শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীরের সাক্ষ্য গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। গতকাল জবানবন্দিতে তিনি বলেছেন, তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ, গুম ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসিফ মুনীরের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। তিনি গত মঙ্গলবার জবানবন্দি দেওয়া শুরু করে গতকাল শেষ করেন। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।গতকাল জবানবন্দিতে আসিফ মুনীর বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতের হত্যাযজ্ঞের পর তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আবাসিক এলাকার কোয়ার্টার ছেড়ে সেন্ট্রাল রোডে দাদার বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়িতে থাকা অবস্থায় ১৪ ডিসেম্বর বেলা একটার দিকে বাড়ির সদস্যরা ফটকে আওয়াজ পান। দোতলার জানালা থেকে বাড়ির সদস্যরা বাইরে একটি মিনিবাস দাঁড়ানো দেখতে পান। মিনিবাসের জানালায় কাদা লেগে ছিল এবং ছাদ ডালপালা দিয়ে ঢাকা ছিল। তাঁর মা (লিলি চৌধুরী) মিনিবাসটি থেকে তিন-চারজন তরুণকে নামতে দেখেন। রুশো (শমসের চৌধুরী) চাচা দোতলা থেকে নেমে ফটকের কাছে গেলে ওই তরুণেরা জানতে চায়, তিনি কি মুনীর চৌধুরী? জবাবে তিনি মুনীর চৌধুরীর ছোট ভাই জানালে তরুণেরা মুনীর চৌধুরীকে ডেকে দিতে বলে। খবর পাওয়ার পর তাঁর বাবা লুঙ্গি ও পাঞ্জাবি পরে নিচে নেমে আসেন। তাঁর মেজ ভাই মিশুক মুনীর দোতলার বারান্দায় লুকিয়ে পুরো দৃশ্য দেখেন। তাঁর বাবা ওই তরুণদের কাছে জানতে চান, তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছেকি না। জবাবে একজন তরুণ ‘আছে’ বলেই বাবার পেছনে এসে বন্দুক ধরে ঠেলে মিনিবাসের দিকে নিয়ে যায়। তখন বাবা রুশো চাচার দিকে তাকিয়ে বলেন, ‘রুশো, তাহলে যাই।’ পেছন থেকে তাঁর মা-ও এ দৃশ্য দেখেন।জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বরের পর মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে অন্য বুদ্ধিজীবীদের লাশ পাওয়া গেলেও তাঁর বাবার লাশ পাওয়া যায়নি। ওই সময় তাঁর মায়ের সঙ্গে অনেক বুদ্ধিজীবীর পরিবারের কথা হয়, যাঁদের অনেকেই তাঁদের প্রতিবেশী ছিলেন। ১৯৭২ সালে তাঁর মা ও অন্য বুদ্ধিজীবীদের স্ত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে তাঁদের স্বামী হত্যার বিচার চান। ওই সময় পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত সচিত্র প্রতিবেদন দেখে রুশো চাচা নিশ্চিত হন, আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ মুঈনুদ্দীন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান তাঁর (সাক্ষীর) বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন থেকে তাঁরা জানতে পারেন, পত্রিকায় ‘জল্লাদের ডায়েরি’ নামে বুদ্ধিজীবীদের নামের একটি তালিকা প্রকাশিত হয়। সেখানে তাঁর বাবার নামও ছিল।আসিফ মুনীর বলেন, একটি গবেষণা করার সময় দেলোয়ার হোসেন নামের একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর কাছে শোনেন, একাত্তরের ১৪ ডিসেম্বর তাঁকে (দেলোয়ার) ধরে নিয়ে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্রের আলবদর ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে রায়েরবাজার বধ্যভূমিতে নেওয়া হলেও তিনি প্রাণে বেঁচে যান। শারীরিক শিক্ষা কেন্দ্রে আটক থাকাকালে তিনি সেখানে বারবার অধ্যাপক মুনীর চৌধুরী ও অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর নাম উচ্চারিত হতে শোনেন এবং তাঁদের নির্যাতনের শব্দ পান।সাক্ষী আরও বলেন, তাঁর মেজ ভাই আশফাক মুনীর (মিশুক মুনীর) সড়ক দুর্ঘটনায় মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তাকে জবানবন্দি দিয়েছিলেন।জবানবন্দির শেষ পর্যায়ে আসিফ মুনীর তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যার বিচার চান। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন আবদুস শুকুর খান ও সালমা হাই।অস্ত্রধারী যুবকেরা কী রঙের পোশাক পরে ছিলেন—আবদুস শুকুর খানের এই প্রশ্নে আসিফ মুনীর বলেন, খাকি পোশাক।সালমা হাই জানতে চান, মুঈনুদ্দীনকে আপনি কখনো দেখেছেন? জবাবে সাক্ষী বলেন, তিনি পূর্ব লন্ডন মসজিদ এলাকায় তাঁকে দূর থেকে দেখেছেন।জেরার শেষ পর্যায়ে আইনজীবীরা মত (সাজেশন) দেন, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান আপনার বাবাকে অপহরণ, গুম ও হত্যা করেছেন—এ কথা সত্য নয়। আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।আসিফ মুনীরের জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।রাষ্ট্রপক্ষ জানায়, মুঈনুদ্দীন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।