বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দিতে নতুন সংগঠন
গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং তা রক্ষার প্রত্যয় নিয়ে ‘সিটিজেনস মুভমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস’ (সিডিএইচআর) নামের নতুন একটি নাগরিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনটি দলনিরপেক্ষ হয়ে কাজ করবে। সরকার ও রাজনৈতিক দলগুলোর ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করবে। একই সঙ্গে সংগঠিত চাপ সৃষ্টি ও প্রয়োজনীয় বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দেবে। এ জন্য গবেষণা, সেমিনার, সভা-সমাবেশ এবং প্রয়োজনে গণশুনানির আয়োজন করবে সংগঠনটি।সংগঠনটির আহ্বায়ক হলেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না এর সদস্যসচিব।সংবাদ সম্মেলনে রফিক-উল হক বলেন, গণতন্ত্র ও সুশাসনের ক্ষেত্রে অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। রাজনৈতিক দায়িত্ব পালনে বিরোধী দলও ব্যর্থ হতে চলেছে। খুন, গুম, নির্যাতন, নাগরিক সমস্যা, দেশের স্বার্থবিরোধী চুক্তি এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এর বিরুদ্ধে সম্মিলিত, সংগঠিত ও সক্রিয় প্রতিবাদ অপরিহার্য হয়ে পড়েছে।মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের এক ক্রান্তিকালে তাঁরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। তিনি বলেন, ‘নাগরিক সমাজ হয়ে দেশের এই অবস্থায় আমরা বিচলিত না হয়ে পারছি না। দেশের এই সংকটে চুপ করে বসে থাকা যায় না।’মাহমুদুর রহমান সিডিএইচআরের আহ্বায়ক রফিক-উল হকের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে তাঁদের সংগঠনকে ‘নাগরিক আন্দোলন’ বলে আখ্যায়িত করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ‘সরকার যেভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—নাগরিকদের মৌলিক এসব চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, যেভাবে নাগরিকদের জীবন-জীবিকার অধিকার লঙ্ঘন করে চলেছে এবং তাদের মৌলিক মানবাধিকারগুলো অবজ্ঞা করে চলেছে; এর বিরুদ্ধে সম্মিলিত, সংগঠিত ও সক্রিয় প্রতিবাদ অপরিহার্য হয়ে পড়েছে।’লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি, শিল্প-বিনিয়োগ-কর্মসংস্থান খাতে ব্যর্থতা, আইনবহির্ভূত হত্যা ও নির্যাতন, গুম, খুন, দুর্নীতি ও চাঁদাবাজি, শাসক দলের জন্য একতরফা দায়মুক্তি, ভিন্নমতকে রুদ্ধকরণ, জ্বালানি-সংকট, নাগরিকদের দৈনন্দিন সমস্যা সমাধানে নিদারুণ ঔদাস্য, সরকার কর্তৃক অস্বচ্ছ প্রক্রিয়ায় দেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদন ইত্যাদি বাংলাদেশের মানুষের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আর এই উপদ্রব প্রতিরোধ করার রাজনৈতিক দায়িত্ব পালনে বিরোধী দলও ব্যর্থ হতে চলেছে বলে আমরা মনে করি।’সংবাদ সম্মেলনে সিডিএইচআর ২২ সদস্যের কমিটি ঘোষণা করে এবং তাঁদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়।দেশে ‘জাতীয় সরকার’ গঠন বা সামরিক শাসন আসার সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রফিক-উল হক বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘জাতীয় সরকার কোন আইনে করবে? আর মার্শাল ল কথাটি মুখেও আনবেন না, মুখ দিয়ে উচ্চারণও করবেন না। আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে মার্শাল ল আসতে না পারে।’ আরেক প্রশ্নের জবাবে রফিক-উল হক বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, আমরা তা বলছি না। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকার যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। গণতন্ত্র ও মানবাধিকার সংরক্ষণে আমাদের আরও অনেক কিছু করতে হবে।’ তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সিডিএইচআরের অবস্থান সম্পর্কে বলেন, ‘এটা অনেক বড় বিষয়। সরকার বা বিচার বিভাগ নয়, বিষয়টির সিদ্ধান্ত নেবে জনগণ।’সংগঠনের সদস্য আইনজীবী শাহ্দীন মালিক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে বলেন, কোনো দলীয় সরকারের অধীনে মানুষ নির্বাচনের জন্য তৈরি নয়। আবার তত্ত্বাবধায়ক সরকার আগে যেমন ছিল, এখন সেভাবে সম্ভব নয়। এখন কী হতে পারে, আলোচনা করে বিকল্প ফর্মুলা বের করতে হবে। এ নিয়ে দুই পক্ষ অনড় অবস্থানে থাকলে অস্থিরতা বাড়বে।সংবাদ সম্মেলনে সিডিএইচআরের সঙ্গে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজnা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।সংবাদ সম্মেলনে সিডিএইচআরের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির, অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, স্থপতি মোবাশ্বের হোসেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম, সাংবাদিক বিভূরঞ্জন সরকার, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী, সংস্কৃতিকর্মী আশফাহ হক, সাংবাদিক মাহবুব কামাল প্রমুখ।