২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবারক্যান্ডিকে বিদায় জানিয়ে কলম্বো ফিরলাম। গিয়েছিলাম ট্রেনে, ফিরলাম বাসে। বাসের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা শরীরে আরাম দিচ্ছিল। চোখে আরাম দিচ্ছিল দুই পাশের দৃশ্য— এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে উপত্যকার মতো নেমে যাওয়া বনভূমি। কিন্তু বাস যতই উঁচু থেকে নিচে নামছে, ততই ক্লান্ত লাগতে শুরু করল। ট্রেনে লেগেছিল আড়াই ঘণ্টা, এখানে দেখি সাড়ে তিন ঘণ্টায়ও রাস্তা শেষ হয় না। শ্রীলঙ্কায় রাস্তার পাশে একটু পরপরই ধ্যানরত বুদ্ধের মূর্তি। সেটি দেখে দেখে নির্বাণ লাভের চেষ্টা করলাম। মানুষ কত রকম অসহনীয় কষ্টে আছে, পথের এই সামান্য কষ্টে কাতর হওয়ার কী আছে!আজ বিকেলে সুপার এইটের খেলা শুরু হচ্ছে ক্যান্ডির পাল্লেকেলেতেই। বাংলাদেশ যেহেতু নেই, সুপার এইটের দুই গ্রুপ তো এখন আমার কাছে একই। তার পরও কলম্বো চলে আসার যুক্তি, প্রথম পর্বের খেলার বিচারে বড় চারটি দলই খেলছে কলম্বোতে। ক্যান্ডিতে শহর থেকে মাঠের দূরত্বটারও বড় ভূমিকা আছে এই সিদ্ধান্তে। খেলা শেষে অত রাতে স্টেডিয়াম থেকে ফেরা বিরাট এক ঝক্কি। আইসিসির মিডিয়া বাস সংবাদ সম্মেলন শেষ হওয়ার দেড় ঘণ্টা পরই ছেড়ে দেয়। তখনো লেখা শেষ হয় না বলে আমাদের সেই টুকটুকই ভরসা। সেটি পাওয়া অনিশ্চিত, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওই টুকটুকে ভয়-ভয়ও লাগে। ভরদুপুর সময়টা বাদ দিলে ক্যান্ডির আরাম-আরাম রোদ ছেড়ে তাই আবার কলম্বোর ভাপসা গরমে।২৬ সেপ্টেম্বর, বুধবারট্যুরে এসে কাউকে দেশে ফিরে যেতে দেখলে গৃহকাতরতা আরও বেশি পেয়ে বসে। আগের রাতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে, বাংলাদেশ দল তাই ঘরে ফেরার যাত্রী। দুপুরে মাহাভেলি রিচ হোটেল থেকে সবাইকে দল বেঁধে বাসে উঠতে দেখে মনটা কেমন-কেমন করতে লাগল! ছেলে দুটিকে কত দিন দেখি না! আজ কোনো খেলা নেই। বাংলাদেশ দলকে নিয়ে একটা কিছু লেখার রসদ জোগাড় করতে সকালে উঠেই টিম হোটেলে। সাকিবের একটা বড় ইন্টারভিউ করলাম। ছেলেটা একটু মুডি। তবে ভালো মুডে থাকলে দারুণ কথা বলে। সাকলায়েন মুশতাকের সঙ্গে অনেকক্ষণ জমিয়ে আড্ডা দিলাম। তাঁর বিশ্বাস আর আমার বিশ্বাসহীনতার মধ্যে যুক্তিতর্কও চলল। এসব আলোচনা সাধারণত কোনো সিদ্ধান্তে পৌঁছায় না। এখানেও তা-ই হলো।যে পাঁচ দিন এই হোটেলে ছিলাম, টুর্নামেন্টের দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশই ছিল এখানে। এখন দেখছি, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজও এখানে উঠেছে। অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে অনেক দিনের আলাপ। ‘কী ব্যাপার, মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেল তোমার দল!’—অ্যান্ডি ফ্লাওয়ার ক্রিকেটের সেই চিরন্তন বাক্যে জবাব দিলেন, ‘ওয়ান অব দৌস ডেজ’। বিদায়বেলায় হোটেলের লোকজন বাংলাদেশ দলের সঙ্গে একটা ছবি তুলতে চাইল। সেই ছবিটা নিজের ক্যামেরায় ধরে রাখার পর মনে হলো, আমিও একটা ছবি তুলে রাখি না কেন! গিয়ে দাঁড়িয়ে গেলাম সামনে। পাশে হোটেলের রিসেপশনের সাদা ধবধবে এক মেয়ে। আশরাফুল দুষ্টুমি করে কী যেন বলল। আমি বললাম, দেখে নাও, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন!এমনিতে আমার খুব একটা ছবি তোলার নেশা নেই। তবে এই ট্যুরে ভালোই ছবি তুলছি। বাংলাদেশ দলকে বিদায় দিয়ে ক্যান্ডি লেকের পাড়ে আর ‘টেম্পল অব টুথ’-এ গিয়েও অনেকগুলো ছবি তুললাম। সিংহলিজে এই মন্দিরের নাম ‘দালাদা মালিগাওয়া’। ‘দালাদা’ মানে দাঁত। নামটা এমন, কারণ এই ‘টেম্পলে’ নাকি গৌতম বুদ্ধের ‘টুথ’ মানে দাঁত রাখা আছে। সেটি অবশ্য দেখার উপায় নেই। যে কক্ষে কাচের একটা পাত্রে সেটি রাখা আছে, সেটির দরজা বন্ধ। বছরে একবার তা হাতির পিঠে চড়ে ক্যান্ডি শহর প্রদক্ষিণ করে। রিওর কার্নিভালের মতো সেই আনন্দমিছিল দেখতে তখন ক্যান্ডিতে দেশবিদেশ থেকে হাজার হাজার পর্যটকের ভিড় জমে। মন্দিরের ভেতরে ভক্তদের ভিড়, আমি শুধুই দর্শকের চোখে সব দেখে-টেখে বাইরে এসে মুগ্ধ হলাম নীল পদ্ম দেখে। ছোট ছোট ফুলের দোকানে শিউলির মতো দেখতে সাদা ফুলের প্লেট সাজানো আর নিচে পড়ে আছে অসংখ্য নীলপদ্ম। এই ফুলটা তো বাংলাদেশে এখন দেখিই না।২৫ সেপ্টেম্বর, মঙ্গলবারপাকিস্তানের সঙ্গে জয়ের আশা তো করিইনি, বরং একটা ভয় কাজ করছিল মনে। একেবারে কেলেঙ্কারি কিছু না হয়ে যায়! সাকিব অবশ্য একাই ম্যাচ জমিয়ে দিলেন। ওর ব্যাটিংয়ের সময় পাকিস্তানের সাংবাদিকদেরও মুখ কালো করে বসে থাকতে দেখলাম। শেষ পর্যন্ত অবশ্য সেই গোহারাই হারতে হলো। বাংলাদেশ হারলে তো খারাপ লাগেই। এদিন আরও বেশি খারাপ লাগল আইসিসির মিডিয়া কর্মকর্তা লুসি বেঞ্জামিনের মুখটা ভোঁতা করে দিতে না পেরে। সেই প্রথম দিন থেকে এই ভদ্রমহিলা বাংলাদেশের সাংবাদিকদের মনে করিয়ে দিচ্ছেন, সুপার এইটে কিন্তু তোমাদের ম্যাচ টিকিট পেতে সমস্যা হবে। বাংলাদেশ না থাকলে অগ্রাধিকার তালিকায় তোমরা অনেক পরে থাকবে। সেটা আমরা সবাই জানি। বারবার বলার কী আছে! বাংলাদেশ সুপার এইটে উঠে গেলে লুসির হেডমিসট্রেস-সুলভ মাতবরিটার জবাব দিতে পেরে মনের ঝালটা মিটত।২৪ সেপ্টেম্বর, সোমবারএই ট্যুরে কপালে মনে হচ্ছে শনি লেগেছে। একটার পর একটা সমস্যা...আজ ল্যাপটপ ঝামেলা করে তো পরদিন ইন্টারনেট মডেম কাজ করে না। পেনড্রাইভও কাজ করছে না। লেখার সময়ই তাই আতঙ্ক কাজ করতে থাকে মনে। যদি ওয়্যারলেস কাজ না করে, ল্যাপটপের লেখা ল্যাপটপেই থাকবে। সেটি আর অফিসে পাঠানো হবে না।আজ দেখা দিল নতুন বিপত্তি। প্রেসবক্সে কে যেন এসে বলল, আপনার ই-মেইল অ্যাকাউন্ট মনে হয় হ্যাক্ড হয়েছে, আমার কাছে আপনার নামে সাহায্য চেয়ে একটা মেইল এসেছে। কিছুক্ষণের মধ্যে আরও অনেকের কাছ থেকে একই কথা শুনলাম। দেশ থেকে ফোন করে উদ্বিগ্ন স্ত্রী জানতে চাইলেন, ঘটনা কী! আমি শ্রীলঙ্কা থেকে স্পেন চলে গেলাম কখন! ঘটনা হলো, ওই ভুয়া মেইলে লেখা হয়েছে, আমি স্পেনের মাদ্রিদে গিয়ে পাসপোর্ট-টিকিট-টাকাপয়সা—সব হারিয়ে ফেলেছি। যত তাড়াতাড়ি সম্ভব ২৬৫০ ইউরো পাঠানোর অনুরোধ জানিয়ে দেশে ফিরেই তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়েছে ওই মেইল।পরিচিতজনেরা যেহেতু জানে, আমি এখন শ্রীলঙ্কায়, ওই মেইলে তাই তাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সমস্যাটা হলো অন্যখানে, আমি আর আমার ই-মেইল খুলতে পারি না। পাসওয়ার্ড চেঞ্জ করে ঢুকে দেখি, গত আট-নয় মাসের সব মেইল গায়েব। জরুরি অনেক মেইল ছিল, সেসব তো গেছেই। তাৎক্ষণিক সমস্যা, সুপার এইটে কোন কোন ম্যাচ কাভার করব, তা জানানোর শেষ তারিখ আজ। যে পোর্টালে গিয়ে তা জানাতে হবে, সেটিও তো আর আমার মেইলে নেই। হতাশার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে হঠাৎ হাসতে শুরু করলাম। এই ট্যুরে প্রায় সার্বক্ষণিক সঙ্গী ডেইলি স্টার-এর বিশ্বজিৎ রায় তো অবাক। চাপে দিশাহারা হয়ে পাগল-টাগল হয়ে গেলাম না তো! ওকে আশ্বস্ত করতে নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করলাম, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। যা হওয়ার হবে, আমি আর কিছুতেই ভয় পাই না। আমি এখন সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছি।২৩ সেপ্টেম্বর, রোববারমাহাভেলি রিচ হোটেলে পাঁচ দিনই রুম পেয়েছিলাম। আজ তা ছাড়তে হলো। পাঁচ তারকা হোটেল থেকে যেটিতে গিয়ে উঠলাম, সেটিতে তারা-টারার বালাই নেই। রুমে টেলিভিশন পর্যন্ত নেই। তবে ক্যান্ডি ভিউ হোটেলে যে রুমটি পেলাম, সেটিতে ঢুকে চোখ জুড়িয়ে গেল। রুমের দুই দিকে কাচের দেয়াল, এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে চোখে পড়ে ক্যান্ডি শহরের একাংশ। বিছানায় শুয়ে শুধু পাহাড়ই নয়, গাছে সপরিবার বানর সম্প্রদায়ও চোখে পড়ে। ওদের সদাই প্রফুল্ল দেখি। সেটিই স্বাভাবিক, ওদের তো আর লিখতে হয় না!২২ সেপ্টেম্বর, শনিবারসাকিব আর তামিমকে অনেকবারই ইন্টারভিউ করেছি। তবে একসঙ্গে এই প্রথম। সেটিও আবার বিচিত্র কারণে। দুজনই আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যর্থ হয়েছেন বলে। তামিম বলতেই রাজি। সাকিব অনেক গাঁইগুঁই করলেন। অনেক বলেকয়ে যা-ও রাজি করালাম, বসিয়ে রাখলেন দুই ঘণ্টারও বেশি। কখনো টেবিল টেনিস খেলে, কখনো বা গল্প করে তামিম সঙ্গ দিলেন পুরোটা সময়। সাকিব এসেই বললেন, ছবি তুলবেন তো জানি, আমিও তাই তামিমের সঙ্গে ম্যাচ করে সাদা টি-শার্ট পরে এলাম। এতক্ষণ বসিয়ে রাখার ‘অপরাধ’টা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলাম।২১ সেপ্টেম্বর, শুক্রবারবাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, দর্শকের চেয়ে পুলিশের সংখ্যাই তো দেখি বেশি। এত পুলিশ কেন? কার কাছ যেন শুনলাম, গৃহযুদ্ধের সময় এত পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে যে এখন আর বেশির ভাগের কোনো কাজ নেই। স্টেডিয়ামে পাঠালে তাও তো একটা ‘কাজ’ পায় বেচারারা!