বুধবার খুলছে জিয়াউর রহমান মেডিকেল কলেজ
৪১ দিন বন্ধ থাকার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বুধবার খুলছে। কাল মঙ্গলবার সকাল নয়টার মধ্যে খুলে দেওয়া হবে কলেজের সব আবাসিক হল। আজ সোমবার কলেজের একাডেমিক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবিব।ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের জের ধরে গত ২৪ জুলাই কলেজটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর অধ্যক্ষের পদত্যাগের কারণে জটিলতার সৃষ্টি হলে কলেজ খুলে দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।এ কে এম আহসান হাবিব প্রথম আলো ডটকমকে বলেন, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্লাস, ব্যবহারিক পরীক্ষা, বৃত্তিমূলক পরীক্ষা—সবই বন্ধ ছিল। শেষ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা আসন্ন বলে তাঁরাও উত্কণ্ঠিত হয়ে পড়েন। অধ্যক্ষের পদত্যাগের কারণে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় কলেজ খুলে দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে আজ একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠকে করে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ২৩ জুলাই মেডিকেল কলেজের ক্যান্টিনে ছাত্রদলের একটি কর্মীসভা চলাকালে ছাত্রলীগ তাতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনার জের ধরে ২৪ জুলাই একাডেমিক কাউন্সিল জরুরি সভা করে কলেজ বন্ধ ঘোষণা করে। একই দিন আবাসিক হল খালি করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়। হল ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিত্সকেরা ২৫ জুলাই অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেন। এ ঘটনায় অধ্যক্ষ মো. মাহবুবুল করিম ওই দিনই পদত্যাগ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান। কিন্তু মন্ত্রণালয় থেকে অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।