বুধবার থেকে গ্যাস রেশনিং শুরু
আগামী বুধবার থেকে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির আওতায় ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে গ্যাস রেশনিং শুরু হচ্ছে। এই অঞ্চলকে সাতটি এলাকায় ভাগ করে এর একটি এলাকার শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সপ্তাহের একটি দিন গ্যাসের ব্যবহার বন্ধ থাকবে। অন্য কথায় গ্যাসের শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারে সীমিত না রেখে সপ্তাহের প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে ছুটির দিন নির্ধারণ করা হয়েছে। তবে প্রক্রিয়াকরণ শিল্পের (প্রোসেস ইন্ডাস্ট্রি) মতো যেসব কারখানায় ২৪ ঘণ্টাই গ্যাস প্রয়োজন, সেগুলো এই রেশনিংয়ের আওতায় পড়বে না।আজ বৃহস্পতিবার ব্যবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এক সভা করে পেট্রোবাংলা এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।আজকের সভায় তিতাসের আওতায় পড়ে এমন অঞ্চলকে গ্যাস রেশনিংয়ের জন্য সাতটি এলাকায় ভাগ করে এর কোন এলাকায় সপ্তাহের কোন দিন রেশনিং করা হবে, তা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দিনগুলো হচ্ছে, প্রতি সপ্তাহে রোববার গ্যাস রেশনিং করা হবে সাভার এলাকায়। সোমবার করা হবে জয়দেবপুর থেকে মাওয়া পর্যন্ত, মানিকগঞ্জ এবং ঢাকার লালবাগ ও ধানমন্ডি এলাকায়। টঙ্গী, জয়দেবপুর থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকায় রেশনিং হবে মঙ্গলবার। বুধবার রেশনিং হবে নরসিংদী, ঘোড়াশাল, ভালুকা, জিঞ্জিরা, মুন্সিগঞ্জ এবং ঢাকার উত্তরা, তেজগাঁও, গুলশান ও ক্যান্টনমেন্ট এলাকায়। বৃহস্পতিবার রেশনিং হবে সোনারগাঁ ও ঢাকার মিরপুর এলাকায়। শুক্রবার রেশনিং হবে নারায়ণগঞ্জ ও ফতুল্লা এলাকায় এবং শনিবার ঢাকার ডেমরা, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও এবং মালিবাগ এলাকায় রেশনিং হবে।পেট্রোবাংলার সঙ্গে সভায় অংশ নেওয়া বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর কয়েকজন নেতা বলেছেন, এখন সপ্তাহে সাত দিনই গ্যাসসংকট থাকে। রেশনিং করে এক দিন বন্ধ রেখে যদি বাকি ছয় দিন গ্যাস পাওয়া যায়, সেই জন্যই তাঁরা রাজি হয়েছেন।আজ সিএনজি স্টেশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে পেট্রোবাংলা আলাদা করে একটি সভা করে। সেখানে পেট্রোবাংলা সিএনজি স্টেশনগুলো সপ্তাহে পাঁচ দিন (শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন) সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। কিন্তু স্টেশন মালিকেরা তাতে রাজি হননি। এ ব্যাপারে আগামী মঙ্গলবার আবারও দুই পক্ষের মধ্যে সভা হবে বলে পেট্রোবাংলা ও সিএনজি মালিক সমিতির সূত্রগুলো জানিয়েছে।