বুধবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি
আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। ওই দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল শেষে আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।এদিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কোথায় আছেন, এ ব্যাপারে বিএনপি এখনও নীরব। তবে মির্জা ফখরুল নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে মওদুদ সাংবাদিকদের এ কথা বলেন।মওদুদ আহমদ আরও বলেন, মির্জা ফখরুলের জামিনের ব্যাপারে আজ দলের পক্ষ থেকে প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।এর আগে দুপুরে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের কিছু বলা হয়নি। সংবাদ ব্রিফিংয়ে মওদুদ বলেন, সচিবালয়ে ককটেল বিস্ফোরণ এবং তেজগাঁওয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসাবশত, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন। হামলা-মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি উল্লেখ করেন।উপস্থিত সাংবাদিকেরা মওদুদ আহমদের কাছে মির্জা ফখরুলের অবস্থান জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।হরতাল চলাকালে গতকাল রোববার বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় এবং তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়েছে। উভয় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়।