বুধবার নরসিংদীতে জেলা বিএনপির আধাবেলা হরতাল
নরসিংদীতে আগামী বুধবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়। আজ সোমবার বিকেল পৌনে চারটায় শহরের চিনিশপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির এই হরতালের ডাক দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তারেক রহমান এই সরকারের কাছে একটি আতঙ্কের নাম। তাই বিএনপির ভবিষ্যত্ কান্ডারি এই নেতাসহ বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে সরকার। তারেক রহমান লন্ডনে দলীয় এক সভায় বর্তমান সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে দুদক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটা সম্পূর্ণ অন্যায়। তাই এর তীব্র নিন্দা জানিয়ে আগামী বুধবার নরসিংদীতে আধাবেলা হরতাল পালন করা হবে। এর মধ্যে নরসিংদী জেলার অংশে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথও হরতালের অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি গোলাম কবির, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির প্রমুখ।