বুধবার সেনানিবাস এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বুধবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার উদ্দেশ্যে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।ওই দিন সেনানিবাসে অবস্থানকারী লোকজন ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী গাড়ি ছাড়া অন্য সব যানবাহন সেনানিবাস এলাকা দিয়ে না চালানোর অনুরোধ করা হয়েছে। সকাল সাতটা থেকে সাড়ে দশটা এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বেলা সোয়া তিনটার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।