বুনো ফল পিচন্ডি
কখনো রমনা উদ্যানে বেড়াতে গেলে উদ্যানলাগোয়া হেয়ার রোড ও বেইলি রোডে এক চক্কর ঘুরে আসতে পারেন। এই ছোট্ট জায়গাটুকুতে দেখতে পাবেন বেশ কিছু পুরোনো গাছ। মন্ত্রিপাড়ার সুবাদে এখানকার গাছগুলোর ওপর অত্যাচার কিছুটা কম হয়েছে। বেঁচে আছে বেশ কিছু পরিণত বৃক্ষরাজি।উদ্যানের ‘অরুণোদয়’ ফটক ধরে বেরিয়ে এলেই দুই পাশে অনেকগুলো শতোর্ধ্ববর্ষী পাদাউক গাছ চোখে পড়বে। গ্রীষ্মের কোনো একদিন মাত্র এক দিনের জন্য এই গাছগুলোতে ফুলের ঢল নামে। গাছজুড়ে সোনালি ফুলের উজ্জ্বল বর্ণচ্ছটা যেকোনো পথিকের দৃষ্টি কেড়ে নেয়। আপনি সৌভাগ্যবান হলে এই অসাধারণ দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। ধারণা করা হয়, এই গাছগুলো লন্ডনের কিউ বোটানিক গার্ডেনের উদ্যানী রবার্ট লুইস প্রাউডলক ১০০ বছর আগে লাগিয়েছিলেন।এরপর সরাসরি রাস্তা পার হয়ে বেইলি রোডে প্রবেশ করলে বাঁ পাশে পাবেন হলুদ রঙের বট ফল। ঢাকায় এই প্রজাতির বটগাছ খুব একটা দেখা যায় না। আরেকটু এগোলে খানিকটা ভেতরে সংরক্ষিত বাড়ির ভেতরে পাওয়া যাবে দেশের একমাত্র (জানামতে) ব্ল্যাকবিনের গাছটি। বেইলি রোডের মাঝামাঝি অফিসার্স ক্লাবের সামনে এলেই চোখে পড়বে আমাদের কাঙ্ক্ষিত গাছটি। এই গাছ সিলেট অঞ্চলে ‘পিচন্ডি’ (Gৎewia columnaৎis) নামে পরিচিত হলেও আর কোনো প্রচলিত নাম জানা যায় না। গাজীপুরের বুনো টিলায়ও কয়েকটি গাছ দেখেছি। সেখানে প্রাকৃতিকভাবেই জন্মে।পিচন্ডি মূলত ফলগাছ হিসেবেই পরিচিত। কিন্তু সৌন্দর্যের দিক থেকে ফুলও অনন্য। ছোট গাছ, বহুশাখী, চার থেকে ছয় মিটার উঁচু, পাতা লম্বাটে, পাঁচ থেকে আট সেন্টিমিটার লম্বা, শিরা সুস্পষ্ট, মাথা চোখা। ফুল গুচ্ছবদ্ধ, হলদেটে, একগুচ্ছে তিন থেকে পাঁচটি। প্রস্ফুটনকাল এপ্রিল থেকে জুন। বৃতি লম্বাটে, ১০ থেকে ১২ মিলিমিটার লম্বা, পাপড়ি বৃতির চেয়ে ছোট, অখণ্ড, পুংকেশর ৮ মিলিমিটার লম্বা, গর্ভাশয় রোমশ। পিচন্ডি ফল গোলাকার ১০ মিলিমিটার চওড়া, রোমশ। পাকলে কালো ও মসৃণ। কচি ফল সবুজ, স্বাদ টকমিষ্টি, কিশোরদের প্রিয়। বাংলাদেশে সিলেটের পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মে। এ ছাড়া শ্রীলঙ্কা, পূর্ব আফ্রিকাতেও এই গাছ ব্যাপকভাবে জন্মায়। পিচন্ডির কাঠের তেমন দারুমূল্য নেই। মূলত জ্বালানি হিসেবেই ব্যবহূত হয়, এ ছাড়া খুঁটি বা সাধারণ মানের কিছু আসবাবে কখনো কখনো ব্যবহূত হয়। পিচন্ডি ফলসার ঘনিষ্ঠ প্রজাতি। কিন্তু ফলসার মতো এর ফল বাজারে বিকোয় না। ফলটি পাখিদের খুব প্রিয়। বংশবৃদ্ধি বীজে। বুনো ফল হিসেবে পোড়ো জমি এবং পথের ধারে রোপণ করা যেতে পারে।