কক্সবাজারের উখিয়া থেকে আজ রোববার বিকেলে সড়কপথে চট্টগ্রামে ফিরছিলেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। পথে নজরে পড়ে যায় চকরিয়া উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। প্রায় ৯০০ হেক্টর এলাকা নিয়ে দেশের প্রথম সাফারি পার্ক এটি। তিনি ঢুকে পড়েন সাফারি পার্কে। এক ঘণ্টা তিনি সেখানে ছিলেন। তিনি ঘুরে ঘুরে পার্কের বাঘ, সিংহ, হরিণ, কুমির, জলহস্তীসহ নানা বন্য প্রাণী দেখেন। এ সময় পথের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে তিনটি বুনোহাতি খালেদা জিয়াকে সালাম দেয়। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব, স্থানীয় সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। এ ব্যাপারে জানতে চাইলে সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘খালেদা জিয়ার সাফারি পার্কে আসার আগাম কোনো কর্মসূচি ছিল না। বেলা সাড়ে তিনটার দিকে তিনি (খালেদা জিয়া) হঠাত্ করে পার্কে ঢুকে পড়েন। এরপর তিনি ঘুরে ঘুরে পার্কে পাখিশালা, কুমিরের বেষ্টনী, বানর, হাতি, ভালুক, বাঘ, সিংহসহ বিভিন্ন বন্য প্রাণী দেখেন। তিনি বেশি সময় কাটান কুমিরের বেষ্টনীর কাছে। আড়াই বছর আগে এই বেষ্টনীতে একটি কুমির ১৭টি বাচ্চা দিয়েছে। কুমিরের ছানাগুলো এখন দৌড়ঝাঁপ করে। খালেদা জিয়া মন ভরে কুমিরের ছানার দৌড়ঝাঁপ দেখেন। এ সময় কয়েকটি হাতি পথে পথে খালেদা জিয়াকে সালাম দেয়।’ গতকাল শনিবার দুদিনের সফরে কক্সবাজার আসেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। শনিবার দুপুরে চকরিয়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে দলীয় এক জনসভায় তিনি ভাষণ দেন। এরপর তিনি গত ২৯ সেপ্টেম্বর রাতে ধর্মীয় উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত রামুর বৌদ্ধপল্লি পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়া পার্কের ভেতরে আকাশছোঁয়া অসংখ্য শতবর্ষী গর্জন গাছ (মাদার ট্রি) দেখে মুগ্ধ হলেও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাফারি পার্কে প্রবেশের একমাত্র সড়কটির বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেন।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সফরসূচিতে না থাকলেও খালেদা জিয়া পার্ক ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন। তিনি পার্কে এক ঘণ্টার বেশি সময় কাটিয়ে চকরিয়া সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি চট্টগ্রামে ফিরে যান।