বুম বুম আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুম’ ‘বুম’ আফ্রিদি। গ্যালারি আরোপিত ‘বুম বুম’ বিশেষণের উৎস সুনিশ্চিভাবে শহীদ আফ্রিদির বিশাল ছক্কাগুলো। কিন্তু এবারের বিশ্বকাপে বুম বুম করে উইকেট নিয়ে ওই বিশেষণের ভাবসম্প্রসারণকে উইকেট সংহারের দিকে ঘুরিয়ে দিলেন। প্রথম ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে নিয়েছিলেন পাঁচ উইকেট। শনিবার কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে চার উইকেট নিয়ে ম্যাচ জেতালেন। পেরিয়ে গেলেন ওয়ানডেতে ৩০০ উইকেট নেওয়ার মাইলফলক। তাঁর তুফানি ব্যাট ইদানীং খুব বেশি কথা বলছে না বটে, তবে তাঁর উপস্থিতি-মাহাত্ম্য পুষিয়ে দিচ্ছেন লেগ স্পিনের সংহারী প্রয়োগে। বুম বুম করে উইকেট নিচ্ছেন। এখানেই শেষ নয়, উইকেট শিকারের বাহুল্যের সঙ্গে চমকাচ্ছে তাঁর অধিনায়কত্বের কারিশমাও।পাকিস্তানের খুব দুঃসময়ে এসেছে বিশ্বকাপ। দলের ভেতরে নানা বিভেদের চোরা স্রোত। ক্রিকেট প্রশাসনে অস্থিরতা। নানা সন্দেহের ছায়ায় কাঁপছে দেশের সার্বিক ক্রিকেট ভাবমূর্তি। এহেন পরিপার্শ্বে তাঁর ওপর ভার পড়েছে বিশ্বকাপ অভিযানের। শনিবারে শ্রীলঙ্কাকে হারিয়ে দলকে প্রথম পর্বে অনেকটাই আরামপ্রদ অবস্থানে নিয়ে এসেছেন। এলোমেলো দলটাকে একটি সুসংহত এককে দাঁড় করানোর পথে অনেকটাই এগিয়েছেন। অধিনায়ক হিসেবে তাঁর দৃশ্যমান ক্রিয়াশীলতা বুঝিয়ে দিচ্ছেন কর্তব্যে তিনি কতটা যত্নবান। শনিবারে পাকিস্তান তুলনামূলকভাবে এগিয়ে থাকা দল ছিল না। শ্রীলঙ্কানরা শিক্ষিত, সংস্কৃতিমান। তাদের শালীন হুমকি ছিল— ‘দুঃখিত, তোমরা কিছু মনে কোরো না, এবারের বিশ্বকাপটা আমাদের।’ আফ্রিদি গ্যালারির সে ভাষ্য পড়েছিলেন। মনে ভেবেছিলেন, বিশ্বকাপ সম্পর্কে পরে ভাবা যাবে। আজকের মীমাংসাটা তো আগে হোক। ২৭৭ রানের মূলধন নিয়ে যখন ফিল্ডিং করতে নামলেন, তখন তাঁকে অনেকটাই নির্ভার লাগছিল। তাঁর ভেতরে অধিনায়কত্বের দায় নেভানো তাগিদ ছড়াল থারাঙ্গা-দিলশানের ক্রমশ স্ফীত হয়ে ওঠা ওপেনিং জুটি। অধিনায়কোচিত অ্যাকটিভিশনের মাত্রা বাড়তে লাগল। দুশ্চিন্তায় নয়, উপায় উদ্ভাবনের বলিরেখা তাঁর কপালে—মুখ, হাত-পা ক্রমশ অধিক সক্রিয়। রাজ্জাক, উমর গুল, শোয়েব আখতারকে সামলাতে ভীষণ ব্যস্ত। যেন ক্রিকেট অধিনায়ক নন, সার্কাসের রিং মাস্টার। চাবুক হাতে বাঘ-সিংহ সামলাচ্ছেন। নির্দেশ মতো নড়াচড়া করতে বাধ্য করছেন। ক্যামেরা সর্বক্ষণ ধরে রাখছে বদ্ধপরিকর অধিনায়ককে। রাজ্জাককে একটি স্লিপ দিলেন না তো দিলেনই না। সব নিয়ন্ত্রণ তাঁর হাতে। চাতুর্যের সঙ্গে আক্রমণ বদল, ফিল্ড সাজানো। সময়কে তাঁর দিকে ফেরালেন। শ্রীলঙ্কান দুর্গে চিড় ধরল। ভিত কাঁপাল। শেষ হাসি হাসল শহীদ আফ্রিদির দল।আফ্রিদি দল নিয়ন্ত্রণ করেছেন শক্ত হাতে। তিরস্কার করেননি, মেজাজ দেখাননি, তবু দল নিয়ন্ত্রিত হয়েছে শক্তের শাসনের আদলে। আবার দলে একটি আন্তরিক আনন্দ আবহ আছে, সেটাও দৃশ্যমান হয়েছে বিজয়াভিসারী লড়াইরত দলের আচরণে। বোলার আফ্রিদি সফল হয়েছেন, অধিনায়ক আফ্রিদি সাফল্য পাচ্ছেন। তাঁর ব্যাটিংয়ের বুম বুম বোধহয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর নক-আউট পর্বের জন্য তোলা রইল। শ্রীলঙ্কার সমর্থক হয়েও আফ্রিদির ক্রিকেটে আনন্দ পেয়েছি।