বুয়েটছাত্র আরিফকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ১ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আরিফ রায়হানকে কুপিয়ে আহত করার ঘটনায় গতকাল বুধবার একজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তাঁর নাম মেজবাহউদ্দিন।আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, এ ঘটনায় চকবাজার থানায় করা হত্যাচেষ্টা মামলায় মেজবাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।আহত আরিফ যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের বুয়েট শাখার নেতা। তিনি নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষে থাকেন। ৯ এপ্রিল তাঁর ওপর এ হামলা চালানো হয়। তিনি এখন স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন।জাহাঙ্গীর হোসেন মাতুব্বর আরও জানান, গতকাল বিকেল পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বুয়েটের এম এ রশীদ হলের ৩০১ নম্বর কক্ষ থেকে মেজবাহকে গ্রেপ্তার করে। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি চাঁদপুরের মতলবের নয়ানগর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেজবাহ এ হামলার কথা স্বীকার করেছেন।উপকমিশনার জানান, হেফাজতে ইসলামের লংমার্চের দিন এম এ রশীদ হলের ইমাম হেফাজতের কর্মীদের খিচুড়ি খাওয়ান। এতে ওই ইমামকে মারধর করা হয়। এ ঘটনায় আরিফের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মেজবাহ আরিফের ওপর হামলা চালান।