বুয়েটে ধিক্কার ব্যানারে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আজ শুক্রবারও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন চলছেই। শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের পাশে কাউন্সিল ভবনের নিচতলায় ধিক্কার ব্যানার টানিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছেন। ব্যানারে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘বেহায়াপনাকে নতুন মাত্রা দিল ভিসি ও প্রো-ভিসি’, ‘গদি ধরে মারো টান ভিসি হবে হবে খান খান’, ‘লাভ নাই, যতই ট্রাই করো যাইতে হইবো’, ‘অপসারণ চাই, অপসারণ ছাড়া উপায় নাই’, ‘জনাব, ভিসি আপনার লজ্জা-শরম থাকাই উচিত ছিল’, ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ’, ‘মীরজাফর বিখ্যাত হয়েছিল বেঈমানির জন্য, ভিসি বিখ্যাত হলেন নির্লজ্জতার জন্য’, ‘আল্লাহ মেঘ দে, পানি দে, নতুন ভিসি দে’ ইত্যাদি নানা কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাঁকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথা বলেছেন। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, উপাচার্যের সঙ্গে কোনো ধরনের আলোচনা তাঁরা করবেন না। সচিব, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যায়ে আলোচনা হলে আন্দোলনরত শিক্ষকেরা এতে অংশ নেবেন।প্রসঙ্গত, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে উপাচার্য এস এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের নিয়োগের পর থেকেই এর বিরোধিতা করে আসছিল বুয়েট শিক্ষক সমিতি। এর জের ধরে গত বছরের নভেম্বর মাসে সরকারের ঘোষণা অনুযায়ী শিক্ষকদের চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রথম কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। একই সময়ে তারা প্রশাসনের বিরুদ্ধে নিয়ম-লঙ্ঘন করে ভূতাপেক্ষা নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, শিক্ষক নিয়োগ ও প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণ, ছাত্রলীগ নেতার ফল পরিবর্তনসহ বিভিন্ন অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবি জানায় তারা। পরে বয়সসীমা বাড়ানোর পরিপ্রেক্ষিতে শিক্ষকরা কর্মবিরতি তুলে নেন। কিন্তু অভিযোগগুলোর বিষয়ে বুয়েট কর্তৃপক্ষ কার্যকর কোনও ব্যবস্থা না নিলে গত ৭ এপ্রিল ১৬ টি অভিযোগ এনে টানা ২৮ দিন কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যান শিক্ষকরা। এরপর এক মাস পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে আবারও আন্দোলন শুরু করেন শিক্ষকেরা।