বুয়েটের ক্লাস শুরু শনিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আজ বুধবার বিকেলে তাঁরা তালা খুলে দেন। এ অবস্থায় আগামী শনিবার থেকে ক্লাস শুরু করার আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯ এপ্রিল বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হানকে হলে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিত্সাধীন। আজ পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। এ ঘটনায় বুয়েটের প্রধান ফটক ও বুয়েট ক্যাম্পাসে ঢোকার দুটি পথ অবরোধ করে রাখা হয়। বন্ধ থাকে সব ক্লাস। এদিকে আরিফ রায়হানকে কোপানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছাত্রকে আটক করেছে চকবাজার থানার পুলিশ। তাঁর নাম মেজবাহ উদ্দিন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ড. এম এ রশীদ হল থেকে চকবাজার থানা পুলিশ মেজবাহ উদ্দিনকে আটক করেছে। এ সময় তাঁর কম্পিউটার ও কিছু বই জব্দ করেছে পুলিশ। তিনি বলেন, কোনো দলের সঙ্গে মেজবাহ উদ্দিনের সংশ্লিষ্টতা আছে কি না, তা জানা নেই। তবে সাম্প্রতিক সময়ে তাঁর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করা গেছে।বুয়েটে সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর কার্যালয়ে সব অনুষদের ডিনের সঙ্গে আলোচনা করেন। এরপর তাঁরা আলোচনা করেন শিক্ষার্থীদের সঙ্গে। ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মমিনুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের সবার চিন্তা এখন আরিফের সুস্থতা নিয়ে। প্রয়োজনে চিকিত্সার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানো হবে। এ ছাড়া আমরা শিক্ষার্থীদের বলেছি, ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। তাঁকে ওই দায়িত্বে বহাল রেখেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। আলোচনার পর শিক্ষার্থীরাও বিষয়টি মেনে নিয়েছে।’ সার্বিক বিষয়ে বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম বলেন, ‘আগামী শনিবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরাও ফটকের তালা খুলে দিয়েছে।’