বুলগেরিয়ায় বোমায় ৮ ইসরায়েলি নিহত
বুলগেরিয়ার পূর্বাঞ্চলে কৃষ্ণসাগরের তীরবর্তী বুরগাস শহরের বিমানবন্দরে গতকাল বুধবার ইসরায়েলি পর্যটকবাহী একটি বাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণে আটজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল থেকে আসা একটি বিমানের যাত্রীদের বহনকারী পর্যটকবাহী ওই বাসে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আহতদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন।এদিকে বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিসভেতান তিসভেতানভ জানান, আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে এক ব্যক্তিকে চিহ্নিত করেছেন তাঁরা। তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রের একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।এই বোমা হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে এই হামলাকে বর্বরোচিত হামলা বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।এ ঘটনার পর থেকে বুরগাস বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটগুলোকে ভার্নায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।