বুলাওয়েতে চেনা বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর থেকে জিম্বাবুয়েতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের মাঝেমধ্যেই কপট অভিমান দেখতে হচ্ছে। ক্রিকেটে আগের জায়গায় ফিরে যেতে জিম্বাবুয়ের এখন একটার পর একটা জয় দরকার। প্রথম টেস্টে সেটা হলেও দ্বিতীয় টেস্টের হার যেন সবকিছুতে পানি ঢেলে দিল! আরও মজার ব্যাপার হলো, পথেঘাটে যাঁরা ‘তোমরা আমাদের হারালে কেন’ প্রশ্নটা করছেন, তাঁরা কেউ পরাজয়ের পেছনে জিম্বাবুয়ে দলের দোষ দেখছেন না। সব দোষ বাংলাদেশের।ঠিক এ অবস্থায় কাল বাংলাদেশ জিতে গেল প্রথম ওয়ানডেটাও। সেটা বুলাওয়েতে হওয়ায় জিম্বাবুইয়ানরা আরও বেশি রাগ করতে পারেন। হারারের তুলনায় এই শহরের ক্রিকেট আয়োজন এখন পর্যন্ত অনেক বেশি গোছানো মনে হচ্ছে। এমন আতিথেয়তার পরও কিনা প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশ! জিম্বাবুয়ের হাতে তখনো ছিল ১৭ ওভার ৫ বল।কিছু করারও নেই আসলে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠ যে তাঁর সর্বস্ব দিয়ে রেখেছে বাংলাদেশ দলকেই! সকালে উইকেটের সবুজাভ চেহারা দেখে মনে হচ্ছিল, গতিময় বল এবার বুঝি বুলাওয়েও হারারের মতো বাংলাদেশের ব্যাটসম্যানদের নাচাবে। সকালে টসে জিতে জিম্বাবুয়ের আগে বোলিং করা এবং শেষ মুহূর্তে সোহাগ গাজীকে বাদ দিয়ে বাংলাদেশ দলের তিন পেসার খেলানোর সিদ্ধান্তেও দুই দলের চিন্তাটা বোঝা যাচ্ছিল। কিন্তু খেলা যখন শুরু হলো, ছদ্মবেশ খুলে কুইন্স স্পোর্টস ক্লাবের উইকেট পুরোনো চেহারায়। উইকেটের হালকা ঘাসে বিভ্রান্ত হয়ে জিম্বাবুয়ের বোলাররা নানা রকম চেষ্টা করে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে। বিপদে পড়লেন নিজেরাই। তবে এই উইকেটে আসলে যে বলটা করার দরকার ছিল, পরে সেটা করে দেখিয়েছেন বাংলাদেশের পেসার জিয়া। স্টাম্পের ওপর বল রেখে তুলে নিলেন ওয়ানডেতে নিজের প্রথম ৫ উইকেট। ওয়ালার আর পানিয়াঙ্গারাকে পর পর ফিরিয়ে একবার তো হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন।শুধু জিয়া নন, দলের অন্য দুই পেসারও সফল বুলাওয়ের উইকেটে। ১৩ রানের মধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনারকে ফিরিয়ে শুরুর চাপটা তো দিয়েছিলেন এক সিরিজ পর দলে ফেরা শফিউল। টেস্ট সিরিজে স্বপ্নের মতো সময় কাটানো রবিউল ইসলামও খালি হাতে ফেরেননি অভিষেক ওয়ানডে থেকে। মাত্র ৫.১ ওভার বল করলেও শিঙ্গি মাসাকাদজাকে এলবিডব্লু করে তুলে নিয়েছেন জিম্বাবুয়ের শেষ উইকেটটি। সাকিব ও মাহমুদউল্লাহকে মারা দুই ছক্কা ও তিন বাউন্ডারিতে ৩৩ বলে ৩৩ রান করে শেষ দিকে এই শিঙ্গিই যা একটু চেষ্টা করেছেন হারের ব্যবধান কমিয়ে আনতে।উইলিয়ামস রানআউট হয়েছেন, টেলরকে বোল্ড করেছেন রাজ্জাক। এ ছাড়া জিম্বাবুয়ের বাকি ৮ উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যার ওপর সবচেয়ে বেশি নির্ভরতা, সেই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান তো ৩ ওভারে ২৭ রান দেওয়ার পর আর বলই পেলেন না!এর আগে ব্যাট হাতে যেভাবে আউট হলেন, ব্যাখ্যা হয় না সেটারও। শিঙ্গির বল প্যাডে লেগে পয়েন্টের দিকে চলে গেলে নন-স্ট্রাইকিং এন্ড থেকে রান নিতে চাইলেন মমিনুল। সাকিব তাঁকে প্রথমে ফিরিয়ে দিলেও কী মনে করে যেন পরে দৌড় দিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওয়ালারের আন্ডার আর্ম থ্রোতে রানআউট হয়ে ফিরলেন সাকিব।আগের দিন অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, এই উইকেটে ২৬০-২৭০ রান জেতার মতো। কাল বাংলাদেশ করলও সে রকম—২৬৯। তবু ব্যাটিংয়ের কিছু কিছু জায়গায় হতাশা আছেই। টপ-অর্ডার ব্যাটসম্যানরা টেস্ট সিরিজের পর ওয়ানডেতে এসেও বের হতে পারেননি বাজে আউটের বৃত্ত থেকে। বড় জুটির আক্ষেপও আছে এখনো। পুরো ইনিংসে বাংলাদেশ ফিফটিও পেল মাত্র একটা। টেস্টের পর ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখা নাসির হোসেনের ৬৮ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। হারারের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ফিফটি করেছেন নাসির, কাল করলেন টানা তৃতীয়টি। পানিয়াঙ্গারাকে আপার কাট করতে গিয়ে ডিপ পয়েন্টে ওয়ালারের ক্যাচ হওয়ার আগেই অবশ্য দলকে তুলে দিয়েছেন বড় স্কোরের রাস্তায়।প্রথম ম্যাচ জিতে এখন বাংলাদেশ তাকিয়ে সিরিজ জয়ের দিকে। সেটা কালই হয়ে যাবে, নাকি অপেক্ষা করতে হয় ৮ মের শেষ ওয়ানডের জন্য, সেটাই এখন দেখার।বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৯/৮জিম্বাবুয়ে: ৩২.১ ওভারে ১৪৮ফল: বাংলাদেশ ১২১ রানে জয়ী