বুশ-ব্লেয়ারের বিচার চাইলেন টুটু
ইরাক যুদ্ধের জন্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিচার চেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু। বিবিসি অনলাইন আজ রোববার এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, আজ রোববার যুক্তরাজ্যের ‘অবজারভার’ পত্রিকায় প্রকাশিত এক লেখায় টুটু এ দাবি জানান। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার বিষয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ২০০৩ সালে সেখানে হামলা চালানো এবং বিপুলসংখ্যক নিরীহ মানুষের প্রাণহানির জন্য বুশ ও ব্লেয়ারকে অভিযুক্ত করেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাবেক এই আর্চবিশপ। ডেসমন্ড টুটু বলেছেন, ‘ইরাকে সামরিক হামলা বিশ্বকে অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিকতর অস্থিতিশীল করে তুলেছে।’টুটু অভিযোগ করেন, ‘সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ ডেকে আনার জন্য ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযান দায়ী। এ ছাড়া ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের কারণও এই ইরাক যুদ্ধ।’ টুটু বলেন, ‘যুক্তরাষ্ট্রের তত্কালীন নেতা বুশ ও যুক্তরাজ্যের ব্লেয়ার ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার বিষয়ে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘ইরাকে সামরিক হামলার কারণে ২০০৩ সাল থেকে সেখানে যতসংখ্যক মানুষ নিহত হয়েছে, তার জন্য ব্লেয়ার ও বুশকে হেগের অপরাধ আদালতে বিচার করা যায়।’ পশ্চিমা নেতাদের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বৈতনীতির সমালোচনা করেন টুটু। তাঁর অভিমত, একই ধরনের অপরাধের অভিযোগে হেগের আদালতে বিচারের মুখোমুখি হওয়া এশিয়া ও আফ্রিকার নেতাদের মতো বুশ-ব্লেয়ারেরও বিচার হওয়া উচিত।টুটুর এসব অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি বলেছেন, এর আগে তিনি একই অভিযোগ বহুবার শুনেছেন। তাই এ ব্যাপারে নতুন করে কিছু বলার নেই তাঁর।