বুশ-লাদেন পাশাপাশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ বুশ আর ওসামা বিন লাদেন পাশাপাশি ডিনার করছেন। তাও আবার এলভিস প্রিসলির পাশে বসে, যে প্রিসলি পৃথিবীর মায়া ছেড়েছেন সেই কবে! এমন ঘটনাও নাকি ঘটা সম্ভব, অন্তত অস্ট্রেলীয় ক্রিকেটারদের ম্যাচ পাতানোর চেয়ে। এই মন্তব্য স্টুয়ার্ট ক্লার্কের। অস্ট্রেলীয় এই পেসারের দাবি, সম্প্রতি ব্র্যাড হাডিনকে নিয়ে যেসব রটনা রটল, সবই ভারতীয় মিডিয়ার কারসাজি।অস্ট্রেলিয়া দলকে অহেতুক ঝামেলায় জড়িয়ে মনোযোগে ব্যাঘাত ঘটানোর মিশন নিয়েই নাকি নেমেছে ভারতীয় মিডিয়া! ‘আমি এক মিনিটের জন্যও বিশ্বাস করব না অস্ট্রেলীয় কোনো ক্রিকেটার ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত। এর চেয়ে বুশ-লাদেন এলভিস প্রিসলির সঙ্গে ডিনার করছেন সেটাও অনেক বিশ্বাসযোগ্য’—নিজের কলামে লিখেছেন ক্লার্ক। মার্ক ওয়াহ আর শেন ওয়ার্ন এই কলাম পড়ে নিশ্চয়ই খুশি হবেন! বাজিকরদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল যাঁদের বিরুদ্ধে। অবশ্য ওই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অনেক সতর্ক। আর কোনো অঘটনের সঙ্গে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের নাম শোনা যায়নি। আর ইচ্ছে করে ধীরে ব্যাটিং করার যে অভিযোগ হাডিনদের বিরুদ্ধে উঠেছে, সেটাকে ভারতের অনেক সাবেকই বলছেন হাস্যকর।ক্লার্কের কথায় তাই যুক্তি আছে। কেন ভারতীয় মিডিয়া এমন ‘ষড়যন্ত্র’ পাকাবে, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘মনে হবে আমি কোনো ষড়যন্ত্র-তত্ত্ব দিচ্ছি। কিন্তু উপমহাদেশে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বকাপ জেতার জন্য শুধু দল নয়, পুরো দেশই মরিয়া হয়ে আছে।’বিষয়টি নিয়ে আইসিসির পদক্ষেপও পছন্দ হয়নি তাঁর। এ ধরনের গুঞ্জন শুরু হওয়ার পর আইসিসির পক্ষ থেকে বলা হয়, বিষয়টি তারা খতিয়ে দেখবে। যে বিবৃতি গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বলেই মনে করেন ক্লার্ক, ‘অস্ট্রেলিয়া দলের ম্যানেজার দারুণভাবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। কিন্তু আইসিসির অপরিণত পদক্ষেপ হতাশাজনক। আইসিসির কাছে আরও অর্থবহ বিবৃতিই আশা করি।’ ওয়েবসাইট।