বুশের গলা তখন কাঁপছিল
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা জানার পর ব্রিটেনের তত্কালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ছিলেন অত্যন্ত দৃঢ়। তিনি বুঝতে পেরেছিলেন, কী ঘটনা ঘটে গেছে। বিবিসির ‘ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ব্লেয়ারের সাবেক চিফ অব স্টাফ জোনাথান পাওয়েল।নাইন-ইলেভেনের দশম বার্ষিকীর আগে দেওয়া এই সাক্ষাত্কারে পাওলেন বলেন, ব্লেয়ার বুঝতে পেরেছিলেন গোটা পরিস্থিতিই পাল্টে গেছে। যা অধিকাংশ লোকের বুঝতে অনেক সময় লেগেছিল। তিনি বলেন, ‘বেশির ভাগ লোকই বুঝতে পারেনি (এই ঘটনায়) আমেরিকার আচরণ কতটা বদলে যেতে পারে। কিন্তু আমেরিকানদের কাছে এটা ছিল আরেকটি পার্ল হারবারের মতো ঘটনা। তাই এটা বদলে দেয় সব কিছু।’প্রধানমন্ত্রী ব্লেয়ার ওই দিন ছিলেন ব্রিগটনে। একটা সম্মেলনের জন্য ভাষণের খসড়া তৈরি করতে ব্যস্ত ছিলেন তিনি। এর মধ্যেই এক সহকারী দরজা ঠেলে তাঁর ঘরে ঢোকেন এবং দ্রুত টিভির সামনে যাওয়ার জন্য তাঁকে অনুরোধ করেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বিমানটি হামলা চালায় নিউইয়র্কের টুইন টাওয়ারে। পাওয়েল বলেন, এটা দেখেই তিনি একেবারে কঠিন হয়ে গেলেন। মনে হয়, তিনি প্রথম ব্যক্তি যিনি এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতি সমবেদনা জানিয়ে টিভিতে বক্তব্য দেন। পাওয়েল বলেন, ‘অনেক আমেরিকানই এখনো ব্লেয়ারের সেই কথা মনে রেখেছে। সে জন্যই ব্লেয়ার আমেরিকায় এত জনপ্রিয়।’ তবে পাওয়েল জানান, এই হামলার পর একদিনও ব্লেয়ারের পক্ষ থেকে প্রেসিডেন্ট বুশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি বলেন, এই ঘটনার পর বুশ ছিলেন অনেকটা বিধ্বস্ত। তিনি (বুশ) বুঝতে পারছিলেন না ওই মুহূর্তে ঠিক কী করা উচিত। তাঁর গলা কাঁপছিল। প্রচণ্ড আঘাত পেয়ে তিনি যেন কুঁকড়ে গিয়েছিলেন।এদিকে রেডিও ফোরের সঙ্গে এক সাক্ষাত্কারে ব্লেয়ার বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ একটা ধাক্কা খেয়েছে। তবে এটা শেষ হয়ে যায়নি। নাইন-ইলেভেনের পর তাঁর নেওয়া সব পদক্ষেপ ঠিক ছিল বলে মনে করেন তিনি। তবে তিনি মনে করেন না, ওই পশ্চিমা দেশগুলোর সে সময়ের কঠোর পদক্ষেপ উগ্র মুসলমানদের আরও কট্টর করেছিল।ব্লেয়ারের মতে, সন্ত্রাসবাদকে সেই দিনই পুরোপুরি পরাজিত করা সম্ভব হবে, যে দিন তাদের আদর্শগতভাবে পরাস্ত করা সম্ভব হবে। তাঁর মতে, এ জন্য হয়তো আরও এক যুগ কেটে যেতে পারে। কিন্তু সেটাই সর্বোত্তম উপায়। এর ফলে জীবন অনেক খোলামেলা হবে, গণতন্ত্র আসবে, স্বাধীনতা আসবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে।