বুশের বর্বর নির্যাতন কৌশলেই লাদেনের খোঁজ পেলেন ওবামা!
নাইন-ইলেভেনের পর কয়েকজনকে পাকড়াও করল সিআইএ আর জিজ্ঞাসাবাদে তাঁরা অমনি বলে দিলেন, ‘লাদেনের এক বিশ্বস্ত বার্তাবাহক আছেন। তাঁর নাম অমুক, তাঁকে ধরলেই সব তথ্য পাওয়া যাবে।’ ঘটনা যদি এমন সহজ-সরল হতো, তা হলে ১০টি বছর ধরে ওসামা বিন লাদেনকে ধরতে না পারার ব্যর্থতার জন্য অত অপমান সইতে হতো না সিআইএকে। এখন জানা যাচ্ছে, বন্দীদের মুখ থেকে তথ্য আদায়ে কী নির্মম নির্যাতনই না করেছে সিআইএ।মার্কিন একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ওসামার আস্তানার খোঁজ আসলে কীভাবে বের হলো, তা এখনো গোপন করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের কর্তারা এখন সমস্বরে বলছেন, শত সমালোচনা সত্ত্বেও ওয়াটারবোর্ডিংসহ (পানিতে চুবিয়ে নির্যাতন) জিজ্ঞাসাবাদের কঠোর যেসব কৌশল তাঁরা অনুমোদন করেছিলেন, তার সুফল পাওয়া গেছে।বুশ প্রশাসনের ওই কর্তাদের একজন বিচার মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জন সি ইয়ু। জিজ্ঞাসাবাদের নির্মম সব কৌশল গ্রহণের পক্ষে যুক্তি দিয়ে ওই সময় গোপন আইনি নথি লিখেছিলেন তিনি। মার্কিন কমান্ডোরা ওসামাকে হত্যার পরদিন অর্থাৎ গত সোমবার ইয়ু ন্যাশনাল রিভিউতে লেখেন, ‘আজকের এই সাফল্যের জন্য প্রেসিডেন্ট ওবামা অবশ্যই কৃতিত্ব পেতে পারেন। তবে এ জন্য কিছুটা হলেও তিনি বুশ প্রশাসনের কাছে ঋণী। কেননা, জিজ্ঞাসাবাদের ওই সব নির্মম কৌশল বুশ প্রশাসনই নুমোদন করেছিল।’তবে জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, জিজ্ঞাসাবাদের কঠোর কৌশলের মাধ্যমে এক বন্দীর কাছ থেকে ওই বার্তাবাহক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিল, এ কথা ঠিক। তবে শত নির্যাতন চালিয়েও অপর দুই বন্দীর কাছ থেকে কোনো তথ্যই আদায় করতে পারেনি সিআইএ। বরং তাঁরা বারবার উল্টাপাল্টা কথা বলে বার্তাবাহকের পরিচয় সম্পর্কে কর্মকর্তাদের বিভ্রান্ত করছিলেন। ওই দুই বন্দীর একজন আল-কায়েদার নেতা খালিদ শেখ মোহাম্মদ। তাঁকে ১৮৩ বার ওয়াটারবোর্ডিং করা হয়েছিল।ওসামার গুপ্তস্থানের খোঁজ আসলে কীভাবে পাওয়া গিয়েছিল, তা এখনো পরিষ্কার হচ্ছে না ঠিক, কিন্তু বিষয়টি পুরোনো বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে, যা কিনা বুশ প্রশাসনকে চরম বেকায়দায় ফেলে দিয়েছিল। প্রেসিডেন্ট বুশসহ তাঁর প্রশাসনের অনেক কর্তাব্যক্তি বছরের পর বছর জোর দিয়ে সবাইকে বোঝাতে চেষ্টা করেছিলেন, আল-কায়েদার কর্মীদের মুখ থেকে কথা বের করতে হলে বলপ্রয়োগের কোনো বিকল্প নেই। মানবাধিকারকর্মীরা এবং প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বারাক ওবামা তখন বলেছিলেন, এ ধরনের কৌশল আসলে বন্দীদের ওপর সরাসরি নির্যাতন। আর মার্কিন নীতি-নৈতিকতাবিরোধী ওই কৌশল প্রয়োগ করে আসলে তেমন কিছু পাওয়াও যাবে না।সিআইয়ের সাবেক কর্মকর্তা গ্লেন এল কার্ল। ২০০২ সালে আল-কায়েদার ঘাঘু এক বন্দীকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন তিনি। গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় নির্মম নির্যাতন করেও বন্দীর মুখ থেকে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য কোনো তথ্যই আদায় করা যায়নি।সিআইয়ের সাবেক ওই কর্মকর্তা জানান, তাঁর সহকর্মীদের বেশির ভাগ তখন জিজ্ঞাসাবাদে নির্যাতনের কৌশল কাজে লাগানোর পক্ষে ছিলেন। এল কার্ল বলেন, ‘তবে প্রত্যেকে বেশ উদ্বিগ্নও ছিলেন। বেশির ভাগই অনুভব করছিলেন, এটা তো যুক্তরাষ্ট্রের নৈতিকতার সঙ্গে যায় না, আর এ থেকে কোনো কাজও হচ্ছে না।’ওবামা প্রশাসনের কর্মকর্তারা এখন অভিযানের সাফল্য উদ্যাপনে ব্যস্ত। জিজ্ঞাসাবাদের ওই সব কৌশল নিয়ে বিতর্ক তাঁরা এড়িয়ে চলতে চাইছেন।জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, ‘আসল কথা হলো, আমরা যদি ওই সব কৌশল প্রয়োগ করে বন্দীদের জিজ্ঞাসাবাদ করতাম, তাহলে তো আনেক আগেই ওসামাকে ধরে ফেলতে পারতাম। আমরা তা করিনি। এ জন্য বিভিন্ন সূত্র থেকে তথ্য আদায় এবং তা যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে অ্যাবোটাবাদের ওই বাড়ির খোঁজ পেতে আমাদের এত বছর লেগে গেছে। এর পরই না আমরা সিদ্ধান্তে আসতে পেরেছি, ওসামা ওই বাড়িতেই থাকতে পারেন।’নাইন-ইলেভেনের ঘটনার পর সন্দেহভাজন প্রথম আল-কায়েদা কর্মীকে গ্রেপ্তারের পর থেকে চেষ্টা চলেছে ওসামার ওই বার্তাবাহক সম্পর্কে তথ্য আদায় করার। কিউবার গুয়ানতানামো বে বন্দিশিবির এবং সিআইএর বিভিন্ন গুপ্ত কারাগারে বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় এটাই ছিল সিআইএর লক্ষ্য।২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের বন্দিবিষয়ক প্রধান ছিলেন চার্লস ডি স্টিমসন। তিনি বলেন, ‘আমরা জানতাম, ওসামার সন্ধান পেতে হলে আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে, যিনি তাঁর অত্যন্ত বিশ্বাসভাজন।’২০০২ ও ২০০৩ সালেই প্রথম জিজ্ঞাসাবাদকারীরা আল-কায়েদার এক বার্তাবাহক সম্পর্কে জানতে পারেন, যাঁর ছদ্মনাম আবু আহমেদ আল-কুয়েতি। ওইটুকুই সব। আর কিছুই জানা যায়নি তাঁর সম্পর্কে। রাশি রাশি তথ্যের মধ্যে নামটা যেন স্রেফ তিনটা শব্দ।এখনো পর্যন্ত নাইন-ইলেভেনের হামলার মূল পরিকল্পনাকারী বলে যাঁকে অভিযুক্ত করা হচ্ছে, সেই খালিদ শেখ মোহাম্মদ গ্রেপ্তার হন ২০০৩ সালের মার্চে। নির্মম জিজ্ঞাসাবাদ কৌশলের বেশির ভাগই প্রয়োগ করা হয়েছে তাঁর ওপর। এর মধ্যে আছে দেয়ালে সেঁটে রাখা, কষ্টকর সব দেহভঙ্গিমায় শুইয়ে-বসিয়ে বা দাঁড় করিয়ে রাখা এবং একটানা ১৮০ ঘণ্টার বেশি ঘুমাতে না দেওয়া। অপর দুই বন্দীর মতো জিজ্ঞাসাবাদের সময় খালিদ শেখের ওপর ওয়াটারবোর্ডিং পদ্ধতিও প্রয়োগ করা হয়।জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, খালিদ শেখের কাছে আবু আহমেদ কুয়েতির বিষয়ে প্রথম জানতে চাওয়া হয় ২০০৩ সালের শরৎকালে। এর আগে কয়েক মাস তাঁর ওপর ওয়াটারবোর্ডিং করা হয়। খালিদ শেখ তখন স্বীকার করেন যে কুয়েতিকে তিনি চেনেন। তবে জানান, কুয়েতি সংগঠন ছেড়ে চলে গেছেন এবং তিনি তেমন গুরুত্বপূর্ণও নন।ইরাক থেকে আটক আল-কায়েদার আরেক নেতা হাসান গুল ২০০৪ সালে কুয়েতি সম্পর্কে ভিন্ন তথ্য দেন। গুল জানান, আল-কায়েদার বিশ্বস্ত বার্তাবাহক কুয়েতি ওসামার খুবই ঘনিষ্ঠ। একই সঙ্গে খালিদ শেখ থেকে শুরু করে আবু ফারাজ আল-লিবি পর্যন্ত অনেকের কাছেই তিনি আস্থাভাজন। খালিদ শেখ ধরা পড়ার পর আল-কায়েদার অপারেশন কমান্ডার হন লিবি।জিজ্ঞাসাবাদে হাসান গুল আরও জানান, কুয়েতিকে অনেক দিন ধরে দেখা যায়নি। এর থেকেই সিআইএর গোয়েন্দারা ধারণা করেন, কুয়েতিও নিশ্চয় ওসামার সঙ্গে কোথাও আত্মগোপন করে আছেন।হাসান গুলের মুখ থেকে এত কথা আদায় করতে তাঁর ওপর কী পরিমাণ নির্যাতন করা হয়েছিল তা জানা যায়নি। যদিও সিআইএ দাবি করেছে, তাঁকে ওয়াটারবোর্ডিং করা হয়নি। তবে অন্য সব কৌশল প্রয়োগের জন্য তারা বিচার মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল।জিজ্ঞাসাবাদে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, হাসান গুল তাঁদের বেশ সহযোগিতাই করেছিলেন। কঠোর কৌশল প্রয়োগ করা হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত অল্পস্বল্প।’হাসান গুলের কাছ থেকে বার্তাবাহক কুয়েতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর সিআইএর কর্মকর্তারা আবার খালিদ শেখকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি আগের কথাবার্তাই বলেন।লিবি গ্রেপ্তার হন ২০০৫ সালের মে মাসে। সিআইএ তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল। তবে তিনি জানান, তিনি কুয়েতিকে চেনেন না। একই সঙ্গে তিনি ওসামার ভিন্ন একজন বার্তাবাহকের নাম জানান। তাঁর নাম মৌলভি জান। এই লোকের নাম সিআইএ কখনো শোনেনি। তবে সিআইএর কর্মকর্তাদের কাছে মনে হয়, লিবি হয়তো মৌলভি জান বলতে কুয়েতিকেই বুঝিয়ে থাকতে পারেন।লিবিকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও সিআইএ কোন কোন কৌশল ব্যবহার করেছিল তা জানা যায়নি। তাঁকে পানি প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছে সিআইএ। তবে তাঁকে গ্রেপ্তারের পরপরই জিজ্ঞাসাদের সব কৌশল তাঁর ওপর প্রয়োগের জন্য সিআইএ যে বিচার মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল, সে তথ্য জানা গেছে।জিজ্ঞাসাবাদকারীরা যখন দেখেন, খালিদ শেখ ও লিবি দুজনই তাঁদের দৃষ্টি কুয়েতি থেকে অন্যত্র সরাতে চাইছেন, তখন তাঁদের মনে হয়, এর পেছনে নিশ্চয় গুরুত্বপূর্ণ কোনো কারণ আছে।সিআইএর অনুসন্ধান সম্পর্কে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘অনেক তথ্যই পাওয়া যায়, কিন্তু এর মধ্যে এমন দু-একটি তথ্য আছে, যা বন্দীরা তাঁদের জীবন দিয়ে হলেও গোপন রাখতে চাইবেন। আল-কায়েদার শীর্ষস্থানীয় সব নেতা, ওসামার অবস্থান এবং তাঁদের নিরাপত্তার সঙ্গে জড়িত তথ্য নিশ্চয় তাঁরা অত সহজে বলে দেবেন না।’কুয়েতির বিষয়টিও সিআইএর কাছে তেমন মনে হয়। মনে হয়, তিনিই আসল লোক। তাঁর পেছনে লেগে থাকলে, তাঁর আসল নাম ও অবস্থান জানতে পারলে হয়তো গুরুত্বপূর্ণ অনেক কিছুই পাওয়া যাবে।নিজের অজান্তেই এই কুয়েতি মার্কিন গোয়েন্দাদের পথ দেখিয়েছেন। তাঁর খোঁজে থাকতে থাকতে সিআইএ পেয়ে যায় পাকিস্তানের অ্যাবোটাবাদের ওই বাড়ির সন্ধান। ১ মে রাতে যেখানে মার্কিন কমান্ডোদের অভিযানে ওসামার সঙ্গে নিহত হন সেই বার্তাবাহক কুয়েতি ও তাঁর ভাই।সফল ওই অভিযানের পর দিন পার না হতেই আবার আলোচনায় ফিরে আসে পুরোনো সেই বিতর্ক—‘জিজ্ঞাসাবাদে নির্যাতন’। মার্কিন প্রতিনিধি পরিষদের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কমিটির চেয়ারম্যান পিটার টি কিং বলেন, ওয়াটারবোর্ডিয়ের ফলেই ওসামার খোঁজ পাওয়া সম্ভব হয়েছে।অন্যদিকে, সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির চেয়ারম্যান ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ড্যানি ফিয়েন্সটেন বলেন, এই সফল অভিযানের সঙ্গে ওই সব কঠোর জিজ্ঞাসাবাদ কৌশল প্রয়োগের কোনো সম্পর্ক নেই। সূত্র: ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন