বুড়া ট্রেন, বুড়া ইঞ্জিন দিয়ে ট্রেন চালাচ্ছি
যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বুড়া ট্রেন, বুড়া ইঞ্জিন, বুড়া চালক দিয়ে ট্রেন চালাচ্ছি। ফলে মাঝে মাঝেই এসব অসুস্থ ট্রেনকে হাসপাতালে নিয়ে চিকিত্সা করাতে হয়। রেলের রুগণদশার কারণে ১৫৩টি রেলস্টেশন বন্ধ। ৪৫টি ট্রেন বন্ধ। কোনো স্থানে স্টেশন আছে তো স্টেশনমাস্টার নেই। টিকিট আছে তো টিকিটমাস্টার নেই।’ আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া রেলস্টেশনে সমবেত যাত্রীদের উদ্দেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে তিনি লালমনিরহাট ও গাইবান্ধা স্টেশনেও বক্তব্য দেন। বগুড়া স্টেশনে রেলমন্ত্রী বলেন, ‘পাকশি, পাহাড়তলি, চাঁদপুরসহ বিভিন্ন জায়গায় রেলের কয়েক হাজার একর সম্পদ বেদখল ও বেহাত রয়েছে। এসব সম্পদ দিয়ে পাঁচটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।’ ওবায়দুল কাদের বলেন, ‘যাত্রীদের এমন স্বপ্ন দেখাব না, যা পূরণ করতে পারব না। কারণ, সবাই ট্রেন চায়, টিকিট চায়, আসন চায়। তবে আমি রেলকে আধুনিকায়ন করার চেষ্টা চালাচ্ছি।’ বেলা দুইটার দিকে রেলমন্ত্রী ট্রেনে লালমনিরহাট থেকে বগুড়া স্টেশনে পৌঁছান। এ সময় শত শত যাত্রী তাঁকে ঘিরে ধরে। এর আগে যোগাযোগমন্ত্রী লালমনিরহাট থেকে লালমণি এক্সপ্রেসে ঢাকা ফেরার পথে গাইবান্ধা রেলস্টেশনে নামেন। সেখানে তিনি বলেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলে হাজার হাজার একর জমি বেদখল হয়ে আছে। এগুলো উদ্ধার করতে পারলে চারটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হবে। ওবায়দুল কাদের বলেন, ‘গত চার মাসে ৭১টি রেলস্টেশন পরিদর্শন করে দেখেছি, দীর্ঘ ৪০ বছরে রেলের দিকে কেউ তাকায়নি। রেল ছিল সবচেয়ে অবহেলিত। বর্তমানে রেল বিভাগে ৫০০টি ইঞ্জিন দরকার; কিন্তু আছে ২৯৫টি। এর মধ্যে ৪৩টি অকেজো।’ আজ সকালে লালমনিরহাট সফরে গিয়ে যোগাযোগমন্ত্রী অনিয়ম, দুর্নীতি, কাজে অবহেলাসহ বিভিন্ন কারণে লালমনিরহাট রেল বিভাগীয় চার কর্মকর্তাকে তাত্ক্ষণিক অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন । ওই চার কর্মকর্তা হলেন : লালমনিরহাট রেল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আসাদুল হক, ভূমি কর্মকর্তা মো. আবু সাঈদ, তড়িত্ প্রকৌশলী মো. খলিলুর রহমান (সৈয়দপুর) ও স্টেশন টিকিটমাস্টার (সাধারণ) মো. আবদুল মতিন।চার কর্মকর্তার মধ্যে আবদুল মতিন ছাড়া অন্য তিনজনকে বদলির পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।লালমনিরহাটে ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে সুনির্দিষ্ট তথ্য ও খবর রয়েছে, লালমনিরহাট রেল বিভাগীয় কতিপয় কর্মকর্তার মদদে ভূসম্পদ জবরদখল, অবৈধভাবে গাছ কাটা ও রেললাইন তুলে নেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা শহর থেকে উত্তর দিকে আট কিলোমিটার দীর্ঘ মোগলহাট রেললাইনের স্লিপার, রেলপাত ও পাথর লুটপাটের সঙ্গে যে দুর্বৃত্ত চক্র জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লালমনিরহাট রেল বিভাগীয় কতিপয় কর্মকর্তা-কর্মচারী ব্যর্থ এবং লাভবান হয়েছেন। সবকিছু তদন্ত করা হবে। রেলওয়ের ভূমি ও সম্পদের লুটপাট বরদাশত করা হবে না।’এদিকে লালমনিরহাট রেল বিভাগের জবরদখল করা ও বেহাত হওয়া জমিজমা, সম্পদের প্রকৃত তালিকা তৈরি ও তদন্তের এক মাসের সময় দিয়ে তিন সদস্যের কমিটি করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এই কমিটির প্রধান হলেন চিফ এস্টেট অফিসার পশ্চিম অঞ্চল (রাজশাহী)। সদস্যরা হলেন, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। ওবায়দুল কাদের বলেন, অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে রেলওয়ের ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধি কার্যকর করা হবে। এতে করে রেলের যাত্রীসেবার মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া অনেকটা সহজ ও সম্ভব হবে। তিনি বলেন, যাত্রী সাধারণসহ রেলওয়ের পরিবহন সেবা লাভকারী সবাইকে টিকিট কাটতে হবে, ভাড়া বা মাসুল দিতে হবে। তাহলেই রেল টিকে থাকবে বলে মন্তব্য করেন তিনি। লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, লালমনিরহাটের ডিআরএম আবদুল হাই প্রমুখ।