বুড়াইল নদীতে সেতু না থাকায় দুর্ভোগ
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নটিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে বুড়াইল নদী। ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের দাবি তাম্বুলপুর-চর ছাওলা গ্রামের সংযোগ সড়কে পানিয়ালের ঘাট নামক স্থানে বুড়াইল নদীর ওপর একটি সেতু নির্মাণের। দীর্ঘ দিনেও ওই নদীর ওপর সেতু নির্মিত না হওয়ায় ওই এলাকার ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার পূর্ব দিকে তাম্বুলপুর ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নকে বুড়াইল নদী দুই ভাগে বিভক্ত করেছে। শুধু তাম্বুলপুর ইউনিয়নই নয় বুড়াইল নদী পার্শ্ববর্তী ছাওলা ইউনিয়নকেও দুই ভাগে বিভক্ত করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রেখেছে। নদীর পূর্ব পাড়ে চর তাম্বুলপুর, শিবদেব, কান্দিনার চর, হাগুড়িয়া হাসিম, গাবুড়া, রামসিং, চর ছাওলা, কামারের হাট, চর রহমতসহ ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ সারা বছর অতি কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে পানির স্রোতে একমাত্র বাঁশের সাঁকোটি ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন এলাকাবাসীর নৌকা ছাড়া যোগাযোগের আর কোনো উপায় থাকে না।চর ছাওলা গ্রামের কাদের আলী, শহীদ আলী, আলিম উদ্দিন ও তমিজ উদ্দিনসহ আরও অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোট এলেই এ এলাকার মানুষের দরকার হয়। তখন নেতা-কর্মীরা এখানে ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু ভোটের পর ব্রিজ তো দূরের কথা, আমাদের আর কেউ কোনো খোঁজই রাখে না।’ চর তাম্বুলপুর গ্রামের বাসিন্দা আছমার উদ্দিন, মুনছুর আলী ও মাহবুবার রহমান বলেন, এলাকার লোকজন কোনো অসুখ-বিসুখে পড়লে তাদের চিকিত্সার জন্য উপজেলা হাসপাতালে তাড়াতাড়ি নেওয়ার উপায় নেই। তাম্বুলপুর গ্রামের কৃষক মুছা মিয়া, ইয়াকুব আলী ও আবু কালাম বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমরা কৃষিপণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি।’ শিবদেব চর গ্রামের ব্যবসায়ী আবদুুর রাজ্জাক জানান, এ ঘাটে সেতু না থাকায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়। তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজওয়ান আলী বাবলু বলেন, এলাকাবাসীর যাতায়াত কষ্ট লাঘবে এখানে একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। কিন্তু সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও কোনো কাজ হয়নি।উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ওই স্থানে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সেতু নির্মাণ করা হবে।