বুড়ি ভৈরবের বুকে অর্ধশত পুকুর
সরকার শ্রেণী পরিবর্তন, বিক্রি বা হস্তান্তর করা যাবে না-সহ বেশ কিছু শর্তে ভূমিহীনদের চাষ করে খাওয়ার জন্য বুড়ি ভৈরব নদীর প্রায় ৭০ একর জমি বন্দোবস্ত দিয়েছে। অথচ স্থানীয় প্রভাবশালীরা কৌশলে ভূমিহীনদের সেই জায়গা দখল করে নিয়েছে। শুধু বন্দোবস্ত দেওয়া ৭০ একরই নয়, নদীর আরও অনেক জায়গা দখল করে তারা সেখানে পুকুর কেটেছে। নদীগর্ভে খনন করা অর্ধশত পুকুর নদীর গলা টিপে ধরেছে। নলভাঙ্গা গ্রামের রবিউল ইসলাম জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মধ্য দিয়ে বয়ে গেছে বুড়ি ভৈরব নদী। যশোরের ভৈরব নদীতে মিশেছে এই নদী। সাতগাছিয়া গ্রামের বৃদ্ধ আবদুল জব্বার জানান, ২০-২৫ বছর আগেও এই নদীতে অনেক পানি থাকত। এলাকার লোকজন বর্ষার সময় নদীতে মাছ ধরত। কিন্তু ১২-১৪ বছর আগে যখন নদীর দুই পারে কিছুটা চর সৃষ্টি হয়, তখন এলাকার একশ্রেণীর লোকজন বন্দোবস্ত নেওয়ার চক্রান্ত করে। অনেকে ভূমিহীন ধরে এনে তার নামে বন্দোবস্ত নিয়ে পরে নিজেই দখল করে নেন। এই বন্দোবস্ত দেওয়ার পর থেকে শুরু হয় নদীর পানির গতিরোধ, চাষের নামে নদীর জায়গা ভরাট, এমনকি নদীর জায়গা বিক্রির হিড়িক। এবার নতুন রেকর্ডে কৌশলে তারা নিজ নামে রেকর্ডও করিয়ে নিয়েছে। ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, বুড়ি ভৈরব নদীটি যে ইউনিয়নে অবস্থিত সেই কাষ্টভাঙ্গা মর্জাদ বাঁওড়ের স্লুইসগেট থেকে শুরু হয়ে গৌরিনাথপুর, নিত্যানন্দী, ঘোপপাড়া, সাতগাছিয়া, মাসিলা, ফুলবাড়ি, ঝনঝনিয়া হয়ে যশোর চলে গেছে। এখানে কালীগঞ্জ উপজেলার মধ্যে তিনটি মৌজায় নদীর প্রায় ১০০ একর জমি রয়েছে, যার মধ্যে ৬৬ একর জমি ১৩টি শর্তে ১৯৮৯-১৯৯০ সালে ৬০ জন ভূমিহীনের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়। উল্লেখ্য, শর্ত রয়েছে জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না, ভূমিহীনরা থাকার জন্য আট শতক ব্যবহার করে বাড়ি করতে পারবে, তবে জেলা প্রশাসকের অনুমতি লাগবে, পুকুর করা যাবে না, বর্গা দেওয়া যাবে না ও বিক্রি করতে পারবে না। এ ছাড়া প্রতিবছরের খাজনা ১৬ ফাল্গুনের মধ্যে পরিশোধ করতে হবে। কাষ্টভাঙ্গা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, অধিকাংশ ভূমিহীন সরকারের ওই সব শর্ত ভঙ্গ করেছে। মাত্র পাঁচ-ছয়জন ছাড়া অধিকাংশ ভূমিহীন তাদের জমি প্রভাবশালীদের কাছে বিক্রি করে দিয়েছে। অনেক প্রভাবশালী কৌশলে ভূমিহীনদের কাছ থেকে জমি দখল করে নিয়েছে। এ ছাড়া বন্দোবস্ত নেওয়া এমন অনেকে আছে, যারা আজ পর্যন্ত কোনো দিন খাজনা দেয়নি।এদিকে ভূমিহীনদের কাছ থেকে কেনা বা দখল করে নেওয়া বেশির ভাগ জমিতে প্রভাবশালীরা পুকুর কেটেছে। বর্তমানে তিনটি মৌজায় প্রায় ৫০টি পুকুর কাটা হয়েছে। এক থেকে ছয় একর আয়তনের পুকুরও কাটা হয়েছে এই নদীতে। যেদিকে চোখ যায়, শুধু পুকুর আর পুকুর। গৌরিনাথপুর গ্রামের মনোয়ার হোসেন বলেন, ‘বন্দোবস্ত নেওয়া জমির বাইরেও নদের মধ্যে পুকুর কেটেছে অনেকে।’সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, ঘোপ গ্রামের মৃত শমসের আলীর ছেলে রাশেদ আলী ছয় একর জমিতে পুকুর কেটেছেন। এই পুকুর তিনি ইজারা দিয়ে রেখেছেন। এই পুকুরে বন্দোবস্ত দেওয়া জমি আছে দুই একর। একইভাবে সাদিকপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে সিদ্দিক উল্লাহ চার একর জমিতে পুকুর কেটেছেন। তাঁর বন্দোবস্ত জমি আছে এক একর। বেলাট দৌলতপুর গ্রামের রহমত বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস দুই একর ৩০ শতক জমিতে পুকুর কেটেছেন। তাঁর বন্দোবস্ত জমি আছে ৮৪ শতক। এ ব্যাপারে রাশেদ আলী বলেন, ‘আমি বন্দোবস্ত নেওয়া ভূমিহীনদের কাছ থেকে জমি কিনেছি।’ তবে কার কাছ থেকে কিনেছেন, তা তিনি প্রকাশ করেননি। পাশের সাদিকপুর গ্রামের গোলাম মোস্তফা একটি পুকুর কেটেছেন। তিনি কেনার কথা অস্বীকার করে জানান, ১৫০ টাকার স্ট্যাম্পে একটি চুক্তিনামা করে পুকুর কাটা শুরু করেছেন। তা ছাড়া নদীর উপরিভাগে তাঁদের মালিকানা জমি রয়েছে। সাতগাছিয়া গ্রামের ভূমিহীন শওকত আলী এক একর চার শতক জমি বন্দোবস্ত নিয়ে একই এলাকার প্রভাবশালী আমজাদ হোসেনের কাছে তা বিক্রি করেছেন। এ বিষয়ে শওকত আলী বলেন, ‘বাড়ি থেকে জায়গা দূরে হওয়ায় ঠিকমতো চাষ করতে পারি না। যে কারণে আমজাদ হোসেনকে দিয়েছি। তবে জমি বিক্রি করি নাই।’ এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, ‘ইতোমধ্যে নদটি বাঁচানোর উদ্যোগ নিয়েছি। কারা এখানে পুকুর কেটেছে তার তালিকা করা হচ্ছে। এরপর জমির অন্যান্য কাগজপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে। তা ছাড়া যারা বর্তমানে পুকুর খননের কাজ করছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিহীনরা বন্দোবস্তে দেওয়া বেশির ভাগ শর্ত ভঙ্গ করেছে বিধায় এই বন্দোবস্ত বাতিলের জন্য উচ্চমহলে লিখিত দেওয়া হবে।’