বুড়িগঙ্গা ও তুরাগে বর্জ্য অপসারণ কাজ শুরু
বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে আজ বুধবার বেলা ১২টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। বুড়িগঙ্গার বাবুবাজার ব্রিজ থেকে কামরাঙ্গীরচর মাদ্রাসা পর্যন্ত তিন কিলোমিটার এবং তুরাগ নদীতে দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই বর্জ্য অপসারণের কাজ চলবে। বাবুবাজার ব্রিজের নিচে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সাংসদ ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতাদের উপস্থিতিতে পায়রা ও বেলুন উড়িয়ে নদীতে বর্জ্য অপসারণ কাজ শুরু হয়।দুই হাজার ৪৯০ লাখ টাকা ব্যয়ে ‘বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে সঞ্চিত পলিথিনসহ অন্যান্য বর্জ্য অপসারণ’ প্রকল্পের আওতায় এ কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা নদীর তলদেশে জমা হওয়া এক থেকে দুই মিটার পর্যন্ত বর্জ্য অপসারণ করা হবে। ২০১১ সাল পর্যন্ত প্রকল্পের কাজ চলবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, পরিবেশবাদীরা অনেক দিন থেকে নদী বাঁচানোর আন্দোলন করে আসছেন। সরকার তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বর্জ্য অপসারণ কাজ শুরু করেছে। নৌপরিবহনমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের আমলে বুড়িগঙ্গাসহ অন্য সব নদী দূষণমুক্ত করার কাজ চলবে।সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকালে প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, দখলদারেরা যতই ক্ষমতাবান হোক, বুড়িগঙ্গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বর্জ্য অপসারণ করা হবে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন কর্মী আবদুল্লাহ আবু সায়ীদ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও পরিবেশবাদী সংগঠন বুড়িগঙ্গা নদীতে নৌকা দিয়ে মানববন্ধন করে বর্জ্য অপসারণ কাজের প্রতি সমর্থন জানায়।