বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানাধীন আলীবহর গাজীঘাট এলাকায় আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে এ উচ্ছেদ চলছে। র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে উপস্থিত আছেন।উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন জানান, গাজীঘাট এলাকায় নদীতীর দখল করে গাজী গোলাম হোসেনের তৈরি আড়াই তলা পাকা ভবনটি ভাঙার মধ্য দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। নির্দেশ দেওয়া সত্ত্বেও গাজীঘাট এলাকায় ইট বিক্রেতারা মালামাল না সরানোর কারণে ৮০ হাজার ইট জব্দ করা হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে সেগুলো নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া হবে। ঢাকা নদী বন্দরের উপপরিচালক মোহাম্মদ আফজাল শরীফ জানান, বুড়িগঙ্গার তীর অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। জায়গাগুলো যাতে আবার দখল হতে না পারে, সে জন্য পুলিশ টহল দেবে।