বুড়িগঙ্গা তীরের ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথ অভিযান চালিয়ে ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিএ এই উচ্ছেদ অভিযান চালায়।অভিযান পরিচালনাকারী দল লালবাগের সাবেক সাংসদ হাজি সেলিমের মালিকানাধীন এমটিসি পানির ট্যাংক রাখার গোডাউনের আংশিক অংশসহ প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ ছাড়া চারটি দ্বিতল ভবনের আংশিক, ১৫টি আধা পাকা ভবন, ৫২টি টং ঘর ও ছোট-বড় বেড়ার ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে বিআইডব্লিউটিএর ৪২টি ও পানি উন্নয়ন বোর্ডের ৩৮টি অবৈধ স্থাপনা রয়েছে।ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকার হাজি মো. হানিফ মিয়া (৫০) জানান, বাকচান খাঁ মৌজায় পৌনে এক কাঠা জমিতে তিনি তিনতলা ভবন নির্মাণ করেছেন। ভবনের নিচতলায় প্লাস্টিক দোকান, দ্বিতীয় তলা গোডাউন ও তৃতীয় তলা আবাসিক ভবন রয়েছে। তিনি অভিযোগ করেন, বৈধভাবে সরকারকে খাজনা দেওয়ার পরও সরকার স্থাপনা অবৈধ দেখিয়ে ভবনের ১০ ফিট অংশ ভেঙে দিয়েছে।৬৬ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি হুমায়ুন কবির বলেন, ‘আমার নির্বাচনী এলাকা কামালবাগের কেউ নদী দখল করে বাড়ি নির্মাণ করেনি। অথচ উচ্ছেদ অভিযানকারীরা ১৫টি বাড়িঘর ভেঙে দিয়েছে। উচ্ছেদের বিষয়ে কাউকে নোটিশ দেওয়া হয়নি।’তা ছাড়া জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর লোকজন মাপে ব্যাপক অনিয়ম করেছে বলে অভিযোগ করেন তিনি।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমটিসি গ্রুপের পানির ট্যাংকের গোডাউনের অন্তত ২০ ফুট জায়গা দখল হওয়া। উচ্ছেদ করতে গেলে তারা নিজ উদ্যোগে ভেঙে ফেলার আশ্বাস দিয়েছে। এ ছাড়া স্থানীয় ওয়ার্ড কমিশনার যেসব অভিযোগ করেছেন, তা সঠিক নয়। নদীর তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদকল্পে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে ও মাইকিংও করা হয়েছে। কিন্তু দখলদাররা জারি করা নির্দেশ অমান্য করেছে। অবৈধ দখলদার যে-ই হোক, তাঁদের উচ্ছেদ করা হবে।