বুড়িগঙ্গা থেকে বর্জ্য অপসারণ শুরু
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হিসাবে, কলকারখানার বর্জ্য, পলিথিন ও মানববর্জ্য জমা হয়ে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তলদেশে ১০ থেকে ১২ ফুট স্তর পড়েছে। এতে নদীর নাব্যতা হ্রাসের পাশাপাশি এর পানিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় গতকাল বুধবার থেকে বুড়িগঙ্গা নদীর বর্জ্য অপসারণ শুরু করেছে বিআইডব্লিউটিএ।দুপুর ১২টার দিকে পায়রা ও বেলুন উড়িয়ে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুসংলগ্ন বাদামতলীতে নদী থেকে বর্জ্য অপসারণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদসহ পরিবেশবাদী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে এস্কেভেটর দিয়ে বর্জ্য অপসারণের কাজ কিছুক্ষণ দেখেন। গতকাল ওই সেতুসংলগ্ন এলাকা ও কামরাঙ্গীরচরে পাঁচটি এস্কেভেটর দিয়ে নদী থেকে বর্জ্য অপসারণ করা হয়। জানা গেছে, বিআইডব্লিউটিএ নিজস্ব অর্থায়নে বুড়িগঙ্গার চিহ্নিত কিছু স্থানে পাইলট প্রকল্প হিসেবে বর্জ্য অপসারণের এই কর্মসূচি শুরু করেছে।বর্জ্য অপসারণ শুরুর আগে এ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বক্তৃতা দেন। এরপর তাঁরা লঞ্চে করে বাদামতলীতে যান। এ সময় বুড়িগঙ্গার দুই তীরের লোকজন, বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বর্জ্য অপসারণকাজের সমর্থনে নদীতে নৌকা নিয়ে মানববন্ধন করেন। মাঝনদীতে নৌকায় থাকা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।বিআইডব্লিউটিএ জানায়, বুড়িগঙ্গা ও তুরাগের বিভিন্ন স্থানের বর্জ্য অপসারণ, সচেতনতামূলক কর্মসূচি ও যন্ত্রপাতি কেনার লক্ষ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে এ অর্থ দেওয়া হবে। প্রকল্পটি শেষ হবে ২০১১ সালের জুন মাসে। প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু থেকে কামরাঙ্গীরচর মাদ্রাসা পর্যন্ত তিন কিলোমিটার এবং তুরাগের টঙ্গী বাজারের কাছে দেড় কিলোমিটার এলাকার বর্জ্য অপসারণ করা হবে। এই দুই নদীর তীরঘেঁষে এবং মাঝনদীর এক থেকে দুই মিটার অংশের বর্জ্যও অপসারণ করা হবে। এই প্রকল্পের পাইলট প্রকল্প হিসেবে গতকালের কর্মসূচি শুরু হয়েছে।সদরঘাটে আয়োজিত অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী বলেন, পরিবেশবাদীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকার নদী দখল ও দূষণমুক্ত করার অভিযানে নেমেছে। এ কাজে তিনি জনগণের সহায়তা চান।পানিসম্পদমন্ত্রী বলেন, সরকারের জনবল, মনোবল, অর্থবল সবই আছে। এর সঙ্গে সদিচ্ছা যোগ করে তাঁরা কাজ শুরু করেছেন।হাছান মাহমুদ বলেন, নদীর নাব্যতা হারানোর কারণে প্রতিবছর দেশের ৩০ থেকে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। নদী রক্ষায় তাঁরা সর্বাত্মক চেষ্টা চালাবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান হাওলাদার। স্বাগত বক্তব্য দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া। আরও বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান।