বুড়িগঙ্গা দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: কামরুল
ঢাকা মহানগর রক্ষায় ভূমিদস্যু ও নদী দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তারা যে দলেরই হোক, এমনকি আওয়ামী লীগের হলেও কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।আজ বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকার ৪০০ বছর পূর্তি উত্সবের অংশ হিসেবে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবারের মেলা ‘টেস্ট অব ঢাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এ আহ্বান জানান।তিন দিনব্যাপী এ মেলা আগামীকাল ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।মেলায় ঢাকা নগরের ঐতিহ্যবাহী ৫০টি খাবারের দোকান ও রেস্টুরেন্ট অংশ নিচ্ছে বলেও জানা গেছে।প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ছেলেবেলায় যে বুড়িগঙ্গা দেখেছি সে নদী এখন আর নেই। এ নগর রক্ষা করতে হলে আগের সেই বুড়িগঙ্গা ফিরিয়ে আনতে হবে। আমরা ঢাকার ঐতিহ্যকে ধরে রাখতে চাই। এ লক্ষ্যে আপনাদের যেকোনো প্রস্তাব ও পদক্ষেপ বাস্তবায়নে সরকার সহযোগিতা করবে।’অনুষ্ঠানে নদী রক্ষায় সঠিক পরিকল্পনা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে নদী বোর্ড গঠনের প্রস্তাব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন। ভুমিদস্যুদের হাত থেকে ঢাকার নদীগুলোকে রক্ষা করতে না পারলে এ মহানগর রক্ষার কোনো প্রচেষ্টাই কাজে আসবে না বলেও জানিয়েছেন তিনি।এ সময় অনুষ্ঠানে সাংসদ আসমা জেরিন ঝুমু, ঢাকার ৪০০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখশসহ অনেকেই উপস্থিত ছিলেন।—বাসস।