বুড়িগঙ্গা দিয়ে আট লাশ এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ভেসে ওঠা সেই আট লাশ এসেছে বুড়িগঙ্গা নদী দিয়ে। ঢাকা বা নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা তীরবর্তী নির্জন এলাকা থেকে লাশগুলো নদীতে ফেলা হয়েছে। তিন নদীর মোহনায় পানির ঘূর্ণিতে বাধাপ্রাপ্ত হয়ে লাশগুলো ভেসে ওঠে। এমন ধারণাই করছে মুন্সিগঞ্জের পুলিশ।ঢাকার মিরপুর-১০ থেকে নিখোঁজ ভগ্নিপতি মো. মামুনের খোঁজে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসেছিলেন নাসিমা বেগম। কিন্তু মর্গে থাকা লাশটি তিনি শনাক্ত করতে পারেননি।গত দুই মাসে মুন্সিগঞ্জে নয়টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে হাত-পা বাঁধা আটটি লাশ উদ্ধার হয় মুন্সিগঞ্জ লঞ্চঘাট ও মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে। এর মধ্যে গত ১০ দিনে উদ্ধার হওয়া পাঁচটি লাশ সিমেন্টের বস্তার সঙ্গে বাঁধা ছিল। বাকি একটি লাশ উদ্ধার হয় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে। নিহত এই নয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। চারজনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। একজন অজ্ঞাত হিসেবে মর্গে পড়ে আছেন। পুলিশের ধারণা, তাঁরা গুপ্তহত্যার শিকার হয়ে থাকতে পারেন।মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, এই লাশগুলো মুন্সিগঞ্জের কারও নয়। কারণ এই দুই মাসে এখানকার কেউ নিখোঁজ হয়নি। হাত-পা বাঁধা লাশগুলো ছিল অর্ধগলিত, লাশ পাওয়ার আট-দশ দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে।পুলিশের ধারণা, নদীতীর ধরে গেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানহাটার পর নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকা, এরপর মুন্সিগঞ্জ। পানহাটা বা বক্তাবলীর কোনো জায়গা থেকে বুড়িগঙ্গা নদীতে লাশগুলো ফেলা হচ্ছে। এই দুটি এলাকা বেশ নির্জন এবং সেখানে নদীতীরঘেঁষে অনেক ইটভাটা রয়েছে। এসব জায়গা থেকে লাশ বুড়িগঙ্গা দিয়ে মুন্সিগঞ্জের ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মোহনায় আসছে। এই মোহনায় পানির ঘূর্ণিতে বাধাপ্রাপ্ত হয়ে লাশ ভেসে উঠছে লঞ্চঘাট ও পার্শ্ববর্তী মোল্লারচর এলাকায়।পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তের পর তাঁরা ধারণা করছেন, পানহাটা বা বক্তাবলীর কোনো জায়গায় এই আটজনকে পরিকল্পিতভাবে হত্যা করে গুমের উদ্দেশ্যে লাশগুলো নদীতে ফেলা হচ্ছে।মুন্সিগঞ্জ সদর থানার অপারেশন কর্মকর্তা সুলতান উদ্দীন আহমেদ বলেন, বুড়িগঙ্গা নদীর স্রোত ঢাকা থেকে মুন্সিগঞ্জের দিকে প্রবাহিত হচ্ছে। স্রোতের তোড়ে লাশগুলো তিন নদীর মোহনায় এসে বাধাপ্রাপ্ত হয়ে ধলেশ্বরীতে ভেসে উঠছে। লাশের সঙ্গে সিমেন্টের বস্তা বা ভারী জিনিস বাঁধা না থাকলে আট-দশ দিনে লাশগুলো স্রোতের টানে চাঁদপুর চলে যেত।মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে ময়নাতদন্ত করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা এহসানুল করিম। তিনি বলেন, নদী থেকে উদ্ধার করা লাশগুলো ছিল অর্ধগলিত। লাশের সঙ্গে কোনো পরিচয়পত্র বা কাগজ পাওয়া যায়নি। মনে হচ্ছে, হত্যাকারীরা পেশাদার।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসব হত্যাকাণ্ড তো মুন্সিগঞ্জে ঘটছে না। নদী থেকে লাশ উদ্ধার করা ছাড়া এখানে আমাদের আর কী করার আছে।’ভগ্নিপতির খোঁজে নাসিমা: ভগ্নিপতি মামুনের (২২) খোঁজে গতকাল সকালে ঢাকার মিরপুর থেকে হাসপাতালের মর্গে আসেন নাসিমা বেগম। সঙ্গে ছিলেন তিন স্বজন। নাসিমা জানান, ফল বিক্রেতা মামুন ৭ ডিসেম্বর মিরপুর-১০ নম্বর থেকে নিখোঁজ হন। মর্গে যে লাশটি আছে, তা দেখে তিনি শনাক্ত করতে পারেননি। চেহারা একদম বিকৃত হয়ে গেছে। সদর থানায় আলামত হিসেবে রাখা পরনের কাপড়ের সঙ্গে নিখোঁজ হওয়ার দিন মামুনের পরনে থাকা কাপড়ের মিল নেই। তিনি বলেন, তাঁরা বিশ্বাস করেন না, মামুনকে হত্যা করা হতে পারে। কিন্তু এত দিনে খোঁজ না পেয়ে তাঁরা এখন লাশের সন্ধান করছেন।‘গাড়ি চোর চক্রের সদস্য ছিলেন মঞ্জু’: প্রথম আলোর ফরিদপুর অফিস জানায়, বুধবার মুন্সিগঞ্জ হাসপাতাল মর্গে শনাক্ত হওয়া মঞ্জু মুন্সীর (৪১) বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের বড় লক্ষ্মণদিয়া গ্রামে। মঙ্গলবার ধলেশ্বরী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্ধৃতি দিয়ে সালথা থানার ওসি আফসারউদ্দিন প্রথম আলোকে বলেন, মঞ্জু মুন্সি গাড়ি চুরি, অজ্ঞান করে ছিনতাই করাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় চারটি, যশোর ও চট্টগ্রামে একটি করে মামলা রয়েছে। এক মাস আগে যশোরে একটি গাড়ি চুরির অভিযোগে সর্বশেষ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।গোট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর মতিন জানান, মঞ্জু ঢাকাতেই থাকতেন। তাঁর সম্পর্কে এলাকাবাসীর তেমন ধারণা নেই।