বুড়িগঙ্গা নদী থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদী থেকে গতকাল বৃহস্পতিবার আকবর হোসেন (২৮) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিএনপি দাবি করেছে, আকবর মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার পল্টনে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা দলীয় কর্মীদের একটি লঞ্চে সদরঘাটে যুবলীগ-শ্রমিক লীগের কর্মীদের হামলার পর থেকে আকবর নিখোঁজ ছিলেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে আকবরের লাশ সদরঘাটের ১০ নং পন্টুনের কাছে ভেসে ওঠে। খবর পেয়ে দুপুর দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আকবর মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, নিহত আকবরের ভাতিজা সেন্টু গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন।মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, পল্টনের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য বুধবার বেলা ১১টার দিকে মুক্তারপুর থেকে এমভি বোগদাদিয়া-৬ নামের একটি লঞ্চে করে নেতা-কর্মীরা রওনা হন। লঞ্চে মিরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবরও ছিলেন। লঞ্চটি দুপুর দেড়টার দিকে সদরঘাটে পৌঁছায়। নেতা-কর্মীরা লঞ্চ থেকে নামার সময় যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। অনেকে ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এর পর থেকে আকবর নিখোঁজ ছিলেন।যুবদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম জানান, বুধবার সদরঘাটে হামলার পর থেকে মুন্সিগঞ্জ সদর থানা যুবদলের সহসভাপতি কামাল (২৭) ও দলীয় কর্মী জয়নাল এখনো নিখোঁজ রয়েছেন।নিহত আকবরের ভাই শফিউদ্দিন জানান, তাঁর ভাই আলুর ব্যবসা করতেন। ঢাকায় পাওনাদারের কাছ থেকে টাকা আদায় করতে যাওয়ার কথা বলে তিনি বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হন। তবে আকবর বিএনপি করতেন বলে শফিউদ্দিন জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘বিএনপির কর্মীরা আমাদের জানিয়েছে, সমাবেশে যাওয়ার জন্য আকবর তাঁদের সঙ্গে রওনা হয়েছিলেন।’জেলা বিএনপির কর্মসূচি: জেলা বিএনপির সভাপতি মো. আবদুল হাই আকবরকে মিরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক দাবি করে তাঁর ‘হত্যার’ প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। আজ শুক্রবার মুন্সিগঞ্জ জেলার ছয় উপজেলায় বিক্ষোভ মিছিল, কাল শনিবার সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বিকেলে মাওয়া ঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আগামী রোববার মুন্সিগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।